
থ্রিলার ছবি মানেই টানটান উত্তেজনা, শিহরণ, হূৎপিণ্ডের ধুকপুক আর কাহিনির বিচিত্র মোচড়। অমিত আশরাফের উধাও শুরু হয় সেই চিরচেনা থ্রিলারের ধাঁচেই। কিন্তু শেষ ভাগে বেমালুম খোলস বদলে ফেলে এই ছবি। উধাওকে তখন আবিষ্কার করতে হয় নতুন এক রূপে। ইউরোপ-আমেরিকার একাধিক উৎসব জয় করে আসা এই ছবি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কেবল তার এই বিচিত্র শেষ ভাগের কারণেই।
ছবির কাহিনি মোটা দাগে খুব জটিল নয়। গ্রাম-সংসার ছেড়ে শহরে নতুন পরিচয় খুঁজে নেওয়া মানুষ ‘শিকার’ করে দুর্ধর্ষ ভ্যানচালক বাবু (শাহেদ আলী)। এসব ঘর পালানো মানুষকে সে কৌশলে পৌঁছে দেয় বউ ছেলেমেয়েদের কাছে। ছবির শুরু হয় সে রকম পলাতক একজনকে তার বউ-বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে। তারপর বাবু পিছু নেয় তার সবচেয়ে বড় শিকারের। আকবর (শাকিল আহমেদ) নামের সমাজের এই প্রতাপশালী যেকোনো উপায়ে আসন্ন নির্বাচনে জিততে চায়। কৌশলে তাকে জিম্মি করে বাবু। তারপর বেরিয়ে পড়ে আকবরকে ‘পাপমুক্ত’ করার এক বিচিত্র সফরে। আকবরকে বাবুর হাত থেকে বাঁচাতে ছুটে যায় তার পোষা খুুনি রাজ (অনিমেষ আইচ)।
আকবরের জীবন রক্ষা বা বাবুর বিজয়ের মধ্য দিয়ে ছবিটা শেষ হতে পারত। গতানুগতিক থ্রিলার ছবিতে যেমনটা হয়।
কিন্তু উধাওয়ের শেষটা এত সরল-সোজা নয়। ছবির শেষে ভিলেনের মৃত্যু অথবা নায়কের বিজয় যেখানে অন্য নির্মাতারা সুনিশ্চিত ধরে নেন, অমিত সেখানে দস্তুরমতো আলাদা। আমাদের চিরচেনা নায়কেরা যেখানে ‘হত্যার বদলা হত্যা’ নীতিতে বিশ্বাসী, অমিতের নায়ক সেখানে অন্য সমাধান ভাবে। হত্যা নয়; বাবু বরং খারাপের ভেতর থেকে ভালো মানুষটাকে বের করে আনতে চায়।
উধাওয়ের সবচেয়ে বড় সম্পদ সম্ভবত এর অসাধারণ সিনেমাটোগ্রাফি। ব্রিটিশ সিনেমাটোগ্রাফার কাইল হেসলপ ঢাকাকে দেখেছেন এক নতুন চোখে। খোদ ঢাকাই ছবিতে যেখানে সত্যিকার ঢাকাকে খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে ভিনদেশি কাইলের ক্যামেরায় শহর ঢাকা তার সমস্ত যান্ত্রিক কোলাহল নিয়ে ‘সশরীরে’ উপস্থিত। বাংলাদেশের গ্রামের সবুজ-শ্যামল রূপের কথা এতকাল বই-পুস্তকে পড়েছি। কাইল গ্রামবাংলার সেই ভুবনমোহিনী রূপকে রুপালি পর্দায় তুলে এনেছেন সুনিপুণ দক্ষতায়।
ছবির অন্যতম দুর্বলতা বেশ কিছু জায়গায় সংলাপের আড়ষ্টতা। শাকিল আহমেদের মঞ্চসুলভ উচ্চকিত সংলাপ বাংলাভাষী দর্শকদের ভালো লাগার কোনো কারণ নেই। বাংলাদেশি বাস্তবতায় দেখলে খটকা লাগতে পারে আরও বেশ কিছু জায়গায়। ছবির খারাপ মানুষ আকবরের পুরো জীবনটা মোটামুটি ছবিতে উপস্থিত। কিন্তু বাবুর মতো সাধারণ একজন ভ্যানচালক কীভাবে এমন দুর্ধর্ষ হয়ে উঠলেন, সেই উত্তরের হদিস মেলে না ছবির কোথাও। আকবরের গলায় শিকল আর সিমেন্টের স্ল্যাব হয়তো তার ‘পাপের বোঝা’রই রূপক। কিন্তু বাবু যখন আকবরকে নিয়ে মাঠেঘাটে ঘুরে বেড়াচ্ছে, তখন তার চারপাশে উৎসুক মানুষের ভিড় নেই কেন? বাবু খুব ভয়ংকর বলে? পুরো ছবিতে তার দুর্ধর্ষতা অথবা মারপিটে দক্ষতার সে রকম কোনো প্রমাণ তো পাওয়া গেল না। অভিনয়ে সবচেয়ে বেশি নম্বর পাবেন অনিমেষ আইচ (রাজ)। মনে হচ্ছে, কেবল নির্মাতা নন, অভিনেতা হিসেবেও তিনি প্রথম শ্রেণীর। অভিনেতা শাহেদ আলীর জন্য এই ছবি একটা মাইলফলক হয়ে থাকল।
নিউইয়র্ক ইউনিভার্সিটি ফিল্ম স্কুল গ্র্যাজুয়েট অমিত আশরাফের এটি প্রথম ছবি। সিনেমাটোগ্রাফারসহ এই ছবির কারিগরি দলের অনেকেই পশ্চিমা। অমিতের উধাওয়ের সুবাদে বাংলাদেশ ও পাশ্চাত্যের কলাকুশলীদের যে মিলমিশ ঘটেছে, সেটাও ঢাকাই ছবির ইতিহাসে মনে রাখার মতো এক ঘটনা। উধাও বাংলাদেশে মুক্তি পাচ্ছে আগামীকাল।