উন নিয়ে গ্রিন ডে
বিলবোর্ডের শীর্ষ ১০ রক গানের তালিকায় সাত সপ্তাহ ধরে অবস্থান করছে ‘গ্রিন ডে’-এর ‘ওহ লাভ!’ গানটি। এ সপ্তাহেও গানটি প্রথম স্থান দখল করে আছে। গানটি তাদের নতুন অ্যালবাম উন!-এর। তারা তাদের নবম অ্যালবাম উন! দোস! ত্রেস!-এর প্রথম খণ্ড হিসেবে উন! প্রকাশ করেছে। ২০১৩ সালের জানুয়ারি মাসের মধ্যে অ্যালবামটির বাকি দুটি খণ্ড প্রকাশিত হবে। আজ আমরা ‘গ্রিন ডে’ নামক বিশ্বের অন্যতম জনপ্রিয় পাঙ্ক রক ব্যান্ডটি সম্পর্কে সামান্য আলোচনা করব। বাংলাদেশেও গ্রিন ডে ব্যান্ডটি যথেষ্ট পরিচিত। গ্রিন ডে আমেরিকান পাঙ্ক রক ব্যান্ড। ১৯৮৭ সালে দুই বন্ধু বিলি জো আর্মস্ট্রং ও মাইক ডার্নট মিলে গড়ে তোলেন ‘সুইট চিলড্রেন’ নামক একটি ব্যান্ড। তখন তাঁদের দুজনের বয়সই ছিল ১৫। তাঁরা ১৯৮৭ সালের ১৭ অক্টোবর প্রথমবারের মতো ‘সুইট চিলড্রেন’ ব্যান্ডটি নিয়ে মঞ্চে গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি ছিল ক্যালিফোর্নিয়ার রডস হিকোরি পিটে।১৯৮৮ সালে আর্মস্ট্রং ও ডার্নট তাঁদের সঙ্গে যুক্ত করলেন সিন হাজেস ও জন কিফমেয়ারকে। জন কিফমেয়ার তাঁর আগে আইসোক্রেসি নামক ব্যান্ডের ড্রামার ছিলেন। এ বছরেই ‘লুকঅডিট’ রেকর্ডস’-এর মালিক ল্যারি লিভারমোর ‘সুইট চিলড্রেন’ ব্যান্ডটিকে একটি গানের অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করতে দেখেন এবং তাঁদের সঙ্গে অ্যালবামের চুক্তি করেন।১৯৮৯ সালে ব্যান্ডটি তাদের প্রথম এক্সটেন্ডেড প্লে ১০০০ আওয়ারস রেকর্ড করে। তবে এক্সটেন্ডেড প্লেটি প্রকাশ করার আগেই রেকর্ড কোম্পানির মালিক ল্যারির পরামর্শের কারণে তাঁরা তাঁদের নাম পরিবর্তন করেন। তখন তাঁরা ‘সুইট চিলড্রেন’-এর পরিবর্তে ‘গ্রিন ডে’ নামটি গ্রহণ করেন। প্রথম এক্সটেন্ডেড প্লে (ইপি) ১০০০ আওয়ারসের পর তাঁরা ৩৯/স্মুথ নামে গ্রিন ডে-এর প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। পরে এই লুকঅডিট রেকর্ডস থেকে তাঁরা স্ল্যাপি ও সুইট চিলড্রেন নামক আরও দুটো এক্সটেন্ডেড প্লে বের করেন।১৯৯১ সালে তাঁরা লুকআউট রেকর্ডস ত্যাগ করে স্কেনেল রেকর্ড থেকে তাঁদের ৩৯/স্মুদেদ হিসেবে পুনঃপ্রকাশ করেন। তখন থেকে ট্রে কুল ড্রামার হিসেবে খণ্ডকালীন বাজাতে থাকেন ও পরবর্তীকালে স্থায়ী ড্রামার হিসেবে থেকে যান। ১৯৯২ ও ১৯৯৩ সালে তাঁরা অসংখ্য কনসার্ট করেন। তাঁদের দ্বিতীয় অ্যালবাম কেরপ্লাংক আমেরিকায় ৫০ হাজার কপি বিক্রি হয়। এই অ্যালবামের সাফল্যের কারণে ‘রিপ্রাইজ রেকর্ডস’ তাঁদের চুক্তিবদ্ধ করে। মাত্র তিন সপ্তাহে রেকর্ড করা হয় তাঁদের তৃতীয় অ্যালবাম ডুকি। ডুকি অ্যালবামটি ‘গ্রিন ডে’কে এনে দেয় বাণিজ্যিক সাফল্য। আমেরিকায় অ্যালবামটি ১০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়।এর পর থেকে ব্যান্ডটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একসময় তারা আন্ডারগ্রাউন্ড পাঙ্ক রক ব্যান্ড থেকে হঠাৎ করেই অতি জনপ্রিয় এক ব্যান্ডে রূপান্তরিত হয়ে গেল। এখন পর্যন্ত গ্রিন ডে আটটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে। তাদের নবম অ্যালবামটির তিন খণ্ডের মধ্যে প্রথম খণ্ডটি কিছুদিন আগেই বের হয়েছে।গ্রিন ডে ব্যান্ডটি পাঙ্ক রক ধারার অন্যতম পথ-প্রদর্শকস্বরূপ। যদিও তাদের গান পাঙ্ক রক ছাড়াও অলটারনেটিভ রক ধাঁচেরও।গ্রিন ডে-ভক্তরা, যাঁরা নতুন অ্যালবামটি এখনো শোনেননি, অবশ্যই শুনবেন। আমরা তাঁদের নতুন অ্যালবামের পরবর্তী দুটো খণ্ডের অপেক্ষায় থাকলাম। গ্রিন ডের অ্যালবামগুলো হলো ৩৯/স্মুথ (১৯৯০) কেরপ্লাংক (১৯৯২) ডুকি (১৯৯৪) ইনসমলিয়াক (১৯৯৫) নিমরড (১৯৯৭) ওয়ার্নিং (২০০০) অ্যামেরিকান ইডিয়ট (২০০৪) টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ব্রেকডাউন (২০০৯) উন! (২০১২)গ্রিন ডে ব্যান্ডের সদস্যরা বিলি জো আর্মস্ট্রং-লিড ভোকালস, গিটার, পিয়ানো, হারমোনিকা (১৯৮৭ বর্তমান) মাইক ডার্নট-বেজ ব্যাকআপ ভোকালস (১৯৮৭-বর্তমান) ট্রে কুল ড্রামস পারকাশন (১৯৯০ বর্তমান) মনোয়ারুল হক