উন্নয়ন ও সংসদ টিভি আসছে ৫ ডিসেম্বর
সরকারের উন্নয়নমূলক কাজের তথ্য ও জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকার নতুন একটি টিভি চ্যানেল চালু করতে যাচ্ছে। নতুন এই টিভি চ্যানেলটির নাম উন্নয়ন ও সংসদ টিভি।তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন এ টিভি চ্যানেলটির উদ্বোধন করা হবে। এরই মধ্যে এ টিভি চ্যানেলের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে বিটিভি কর্তৃপক্ষ।প্রথম দিকে চ্যানেলটি স্যাটেলাইট টিভি চ্যানেল হিসেবে চালু করা হবে। তবে কয়েক মাসের মধ্যেই নতুন এ টিভি চ্যানেলটি টেরিস্ট্রিয়াল (সাধারণ অ্যান্টেনার মাধ্যমে দেখা যাবে) পদ্ধতিতে সম্প্রচার শুরু করবে বলে বিটিভি সূত্রে জানা গেছে।নতুন টিভি চ্যানেলে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দেশের সংসদের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হবে। সেই সঙ্গে সংসদ নিয়ে নিয়মিত টক শো প্রচারিত হবে। এর বাইরে নতুন টিভি চ্যানেলে দেশের গান, পল্লিগীতি, লালনগীতি ও ভাওয়াইয়া গান প্রদর্শন করা হবে। তবে কোনোভাবেই বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হবে না বলে জানা গেছে। এর বাইরে সরকার যে ধরনের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করছে এবং উন্নয়নমূলক যে ধরনের কাজ হচ্ছে তা সচিত্র প্রতিবেদন আকারে প্রদর্শন করা হবে।সংসদ ও উন্নয়ন টিভি চ্যানেলে সংবাদ প্রচার করা হবে। বিটিভি সূত্রে জানা গেছে, প্রথমদিকে সীমিত আকারে সংবাদ প্রচার করা হবে। আর এই টিভি চ্যানেলটি ১২ ঘণ্টাব্যাপী নতুন অনুষ্ঠান প্রচার করবে। এরপর রাতের বেলা ওই অনুষ্ঠান আবারও প্রচার করা হবে।