
শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গতকাল শুক্রবার ছিল সুরের ধারা আয়োজিত উন্নয়নের জন্য সংগীত প্রকল্পের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরু হয় ‘তুমি নির্মল করো মঙ্গল করো’ সংগীত দিয়ে। পরিপাটি করে সাজানো এ অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পর্বে উপস্থাপনা করেন এ প্রকল্পের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী।
অনুষ্ঠানে বিলম্বে উপস্থিতির কারণে শিশুদের কাছে ক্ষমাপ্রার্থনা করে সংস্কৃতিমন্ত্রী বলেন, শিশুদের পরিবেশনা অসাধারণ। আর সংস্কৃতি মন্ত্রণালয় এ প্রকল্পের সব শিশুর পাশে আছে, থাকবে। এ সময় সুরের ধারার সভাপতি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে তিনি এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী সুবিধাবঞ্চিত শিশুদের হারমোনিয়াম, ঢোল ও তবলা উপহার দেন।
সমবেত সংগীত ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ পরিবেশন করেন সুরের ধারার শিক্ষার্থীরা। এরপর আরও কয়েকটি গানের পর ‘মন মোর মেঘের সঙ্গী’ সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। এ ছাড়া ছিল আবৃত্তি, একক সংগীত।
সুরের ধারার নির্বাহী কমিটির সদস্য আজিজুর রহমান জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ প্রকল্প শুরু হয় ২০০৯ সালে ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের ইউপিপিআরের আর্থিক সহায়তায়। এক বছর পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। এরপর সমাজের বিভিন্ন হৃদয়বান মানুষ, সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠানের সহায়তায় এ প্রকল্প পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।