উপন্যাস থেকে ছবি তৈরিতে চাষী ছিল মাস্টার: রাজ্জাক

আমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছিল না। সকালবেলা চাষীর খবরটা শুনে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সে। অনেক দিন ধরে তার সঙ্গে দেখা নেই। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে যখন এল তখন তার সঙ্গে দুদিন কথা হয়েছিল। এরপর আর কথা হয়নি। তা ছাড়া ফোনে কথা বলা নিয়ে নিষেধাজ্ঞা ছিল। আমি নিজেও তো অনেক দিন ধরে অসুস্থ। তবে চাষীর বউয়ের কাছ থেকে খোঁজখবর নিতাম। এরপর অবশ্য আমার ছেলে সম্রাটকে দিয়ে চাষীর খোঁজখবর নিতাম। পরশুদিনও সম্রাট চাষীকে দেখে এসেছিল। সম্রাট এসে আমাকে জানাল, চাষীর অবস্থাটা এখন এমন হয়ে গেছে যে তাকে দেখলেই নাকি আমার খারাপ লাগবে। আমি নাকি এই চাষীকে দেখে সহ্য করতে পারব না।
চাষীর সঙ্গে প্রথম কাজ করি বাজিমাত ছবিতে। যদিও ছবিটি মুক্তি পায় অনেক পরে। এরপর ওরা ১১ জন, শুভদাসহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করা হয়। ১৯৬৫ সালের দিকে চাষীর সঙ্গে আমার পরিচয় হয়। ও তখন সহকারী পরিচালক হিসেবে কাজ করছিল, আমি তখন ঘুরে বেড়াচ্ছি। দুজনেই তখন জীবনের কঠিন সময় পার করছি। আমাদের একটা বন্ধু গ্রুপ ছিল। তবে চাষীর সঙ্গে আমার একেবারেই অন্য ধরনের একটা সম্পর্ক ছিল। বন্ধুত্বের ব্যাপারটি একটা সময় পারিবারিক সম্পর্কে রূপ নেয়। আমরা একে অপরকে দোস্ত বলে সম্বোধন করতাম। চাষীর মতো ছেলে খুবই কমই পাওয়া যায়। ভীষণ হইচই করে বেড়াত। খুবই আমুদে ছিল। কিছুটা রগচটাও বটে। তার মতো ভালো মানুষ খুব কমই আছে।
চাষীর সঙ্গে অনেক কাজই করেছি। তবে সবচেয়ে এগিয়ে রাখব শুভদা ছবিকে। এ ছবিতে আমার চরিত্রটি ছিল অসাধারণ। তার মতো পরিচালকই হয় না। বিশেষ করে উপন্যাসের চিত্ররূপ চাষীর মতো আর কেউ দিতে পেরেছে বলে আমার মনে হয় না। উপন্যাস থেকে ছবি তৈরির ক্ষেত্রে সে ছিল মাস্টার।