উপন্যাস থেকে মঞ্চে 'না-মানুষি জমিন'
নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চের জন্য নতুন নাটক তৈরি করেছে৷ আনিসুল হকের জনপ্রিয় উপন্যাস না-মানুষি জমিন অবলম্বনে নাটকটির মঞ্চরূপ দিয়েছেন ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন৷ উপন্যাসের নামেই নাটকের নাম না-মানুষি জমিন৷ আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে৷
একদল নারী-পুরুষ আর শিশুকে ধরে আনা হয়েছে সীমান্তে, তাদের ঠেলে দেওয়া হবে ওই পারে৷ গভীর রাতে সীমান্তরক্ষীরা তাদের ঠেলে দিল নোম্যানস ল্যান্ড বা না-মানুষি জমিনে৷ কিন্তু ওপারের সীমান্তরক্ষীরাও প্রস্তুত৷ কাউকে তারা তাদের পারে ঢুকতে দিল না, রুখে দাঁড়ায়৷ প্রচণ্ড শীত আর কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে আটকা পড়ে রইল একদল মানবসন্তান৷ তাদের মধ্যে একজন নারী গর্ভবতী, কুয়াশার চাদরের নিচে সন্তান প্রসব করে মারা যায় সে৷
না-মানুষি জমিনেই পড়ে থাকে সেই মানবশিশু৷ কোনটি তার দেশ? কী তার পরিচয়? এখন কী হবে ওই শিশুর? কেউই তার দায়িত্ব নেয় না৷ এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি৷