উপন্যাসের নায়িকা তাহসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসরিন জাহানের জনপ্রিয় উপন্যাস সামান্তা অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন একটি ধারাবাহিক। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখে নাটকের নামও রাখা হয়েছে সামান্তা। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন লাক্স তারকা তাহসিন। আর তাহসিনও এ নিয়ে বেশ উচ্ছ্বসিত। নাটকটিতে অভিনয় সম্পর্কে তাহসিন বলেন, ‘খুবই ভালো লাগছে অসাধারণ একটি উপন্যাসে কাজ করতে পেরে। তাও আবার কেন্দ্রীয় চরিত্রে।’ তাহসিন আরও বলেন, ‘এটি আমার করা প্রথম উপন্যাসভিত্তিক নাটক। এরই মধ্যে আমি উপন্যাসটি দুবার পড়েছি। চিত্রনাট্য হাতে পাওয়ার পর সেটিও কয়েকবার পড়া হয়েছে। প্রথমবার উপন্যাসটি যখন পড়েছি তখন বেশ কঠিন মনে হয়েছিল। এখন অবশ্য খুবই ভালো লাগছে। আর নাসরিন জাহানও অসাধারণ লিখেছেন। উপন্যাস এবং চিত্রনাট্যটি পড়ে মনে হয়েছে, এটি যদি ভালোভাবে করতে পারি তাহলে সবাই তাহসিন নামটি ভুলে আমাকে সামান্তা নামেই চিনতে শুরু করবে।’ ৬ মার্চ মানিকগঞ্জে শুটিংয়ের মধ্য দিয়ে সামান্তা নাটকের কাজ শুরু হবে বলে জানান পরিচালক শহীদুজ্জামান সেলিম। পরিচালক শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সামান্তা বর্তমান সময়েরই গল্প। বর্তমান প্রজন্ম এবং তাঁর আগের প্রজন্মের মধ্যে বিভিন্ন বিষয়ে যে দূরত্ব, সেটা উপন্যাসটিতে চমত্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাই এ উপন্যাসটিকে নাটকের রূপান্তরের জন্য চিন্তাভাবনা করি। আশা করছি নাটকটি দর্শক সমাদৃত হবে।’৫২ পর্বের ধারাবাহিক নাটক সামান্তার জন্য একটি প্যানেল গঠন করা হয়েছে। পরিচালক প্যানেলে রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আলভী আহমেদ, চিত্রনাট্য টুকু মাজনিউল ও সৈয়দ মোশাররফ এবং ক্যামেরায় থাকবেন নিয়াজ-শোভন। সামান্তা নাটকে তাহসিন ছাড়া আরও অভিনয় করবেন ইন্তেখাব দিনার, বিন্দু, রাহুল আনন্দ, রোজী সিদ্দিকী, কল্যাণ কোরাইয়া এবং একটি বিশেষ চরিত্রে পরিচালক নিজেই। নাটকটি মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে।