এনটিভিতে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক মানবজমিন। শীর্ষেন্দু মুখোপাধ্যারের উপন্যাস অবলম্বনে নাটকটি যৌথভাবে রচনা করেছেন আসাদুল ইসলাম ও মুরাদ পারভেজ। পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। নাটকে অভিনয় করছেন সোহানা সাবা। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?বাংলাদেশ টেলিভিশন ভবনে এসেছি। এ সপ্তাহের নাটকের কাজ হচ্ছে। নাম এমন যদি হয়। নাটকটি দেখানো হবে ১০ জুন। ‘মানবজমিন’ নাটকের গল্পের সঙ্গে উপন্যাসের কতটা মিল রয়েছে?গল্পের কোনো পরিবর্তন করা হয়নি। তবে চরিত্রগুলোর নাম, স্থান এবং সময় পাল্টানো হয়েছে। কারণ, উপন্যাসের কাহিনি তৈরি হয়েছে কলকাতার প্রেক্ষাপটে আর সময়টা ছিল আশির দশক। কিন্তু আমাদের এই নাটকের চিত্রনাট্য তৈরি হয়েছে ঢাকার প্রেক্ষাপটে, আর সময়টা পুরোপুরিই ২০১০ সাল। আমরা শুটিং করেছি উত্তরা, রাজেন্দ্রপুর ও শ্রীমঙ্গলে। উপন্যাসে আমার চরিত্রটির নাম মণিদীপা। তবে নাটকে মিথিলা।আপনার স্বামী মুরাদ পারভেজের কয়টা ধারাবাহিকে কাজ করেছেন?বিয়ের আগে কাজ করেছিলাম বিবর্ণ ভালোবাসাতে। এরপর মানবজমিন ধারাবাহিকে কাজ করছি। ও কিন্তু এর মধ্যে অনেক কাজ করেছে। কিন্তু সেগুলোতে অভিনয়ের ব্যাপারে ইচ্ছা হয়নি। তবে এবার এ নাটকের কয়েকজন জ্যেষ্ঠ শিল্পী এবং টিভি চ্যানেলের কর্তৃপক্ষ ‘মিথিলা’ চরিত্রের জন্য আমাকেই পছন্দ করেছে। এরই মধ্যে আমরা প্রায় অর্ধশত পর্বের কাজ শেষ করেছি। নাটকের শুটিংয়ের কোন ঘটনাটি আপনার কাছে খুব উল্লেখযোগ্য বলে মনে হয়েছে?শুটিংয়ের ফাঁকে আড্ডাগুলো খুব উপভোগ করেছি। কারণ, বড়দের কাছ থেকে অনেক কিছু জানা যায়। আমাদের বেশ কিছু কাজ হয়েছে রাজেন্দ্রপুরে নক্ষত্র বাড়িতে। ওখানে অনেক আমগাছ আছে। তখন গাছে ছিল কাঁচা আম। কাঁচা আমের ভর্তা খাওয়া ছিল আমাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার।এর মধ্যে আর কোনো ধারাবাহিকে কাজ করেছেন?আফসানা মিমির পৌষ ফাগুনের পালা। নাটকে আমার চরিত্রটি একেবারেই নেতিবাচক। পুরোটাই গ্রামীণ প্রেক্ষাপটে। বাড়ির মেজো বউ। কিন্তু সবার ওপর খবরদারি করি। এটি ১৫ জুন থেকে টিভিতে দেখানো হবে। বিনোদন প্রতিবেদক