উপস্থাপক তাহসান
সংগীতশিল্পী ও সুরকার তাহসান এবার উপস্থাপনা করবেন। তবে একটি নয়, দুটি অনুষ্ঠান। প্রথমটিতে তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী মিথিলা। অনুষ্ঠানের নাম ‘হানিমুন’। তাহসান বললেন, ‘পুরো অনুষ্ঠানটি দম্পতিদের নিয়ে। তাঁদের নিয়ে বিভিন্ন মজার এবং বিনোদনমূলক গেম শো আয়োজন করা হবে। বিজয়ীদের দেওয়া হবে উপহার আর বেড়ানোর জন্য একটি হানিমুন প্যাকেজ।’‘হানিমুন’ তৈরি করা হবে চ্যানেল টোয়েন্টিফোরের জন্য। আর অনুষ্ঠানটির প্রথম পর্বের শুটিং হবে ২৮ মে। অন্য অনুষ্ঠানটির নাম ‘ড্রপস অ্যান্ড বিটস’। তৈরি হচ্ছে এটিএন বাংলার জন্য। তাহসান বললেন, ‘এই অনুষ্ঠানের প্রতি পর্বে বরেণ্য ও জনপ্রিয় শিল্পীকে আমন্ত্রণ জানানো হবে। তাঁর সঙ্গে গান নিয়ে আড্ডা হবে, তিনি নিজের জনপ্রিয় কিছু গান করবেন। তার ফাঁকে ফাঁকে একজন গীতিকার গান লিখবেন। আমি তাতে সুর দেব। আর আমন্ত্রিত শিল্পী তা গাইবেন। একটি গান কীভাবে তৈরি হয়, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক তা জানতে পারবেন।’‘ড্রপস অ্যান্ড বিটস’-এর শুটিং হবে ৩০ মে। উপস্থাপনা প্রসঙ্গে তাহসান বললেন, ‘এর আগে মঞ্চে কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি; তবে টিভির জন্য করা হয়নি। সেদিক থেকে পুরো ব্যাপারটি আমার জন্য রোমাঞ্চকর মনে হচ্ছে।’