উপস্থাপক পার্থ বড়ুয়া
‘আমি গান করছি বহু বছর ধরে। কিন্তু কখনো উপস্থাপনাটা করা হয়নি। কাজটার প্রতি কেমন যেন একটু ভয় সব সময়ই ছিল। দু-একবার যে কেউ বলেনি, তা কিন্তু নয়। আমি রাজি হইনি। এবার আসাদুজ্জামান নূর আর পারভেজ চৌধুরী এমনভাবে বললেন, আর না করতে পারিনি। তা ছাড়া পরিচিত কয়েকজনের সঙ্গেও আলোচনা করেছি। দেখলাম, সবাই বেশ উৎসাহ দিচ্ছে। এখন কিন্তু সত্যি সত্যি ভয় পাচ্ছি, উপস্থাপনা দেখে না জানি দর্শক কী বলে!’ বললেন পার্থ বড়ুয়া। দেশ টিভির বর্ষপূর্তি এবং স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে গান করতে আসছেন কবির সুমন। ২৭ মার্চ সন্ধ্যায় দেশ টিভি থেকে টানা চার ঘণ্টা অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন পার্থ বড়ুয়া। এরই মধ্যে কিছুটা প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন তিনি। বললেন, ‘কবির সুমনের গান তো আমদের কাছে নতুন নয়। যখন তাঁর অ্যালবাম বের হলো, তখন থেকেই শুনছি। তাঁর গানগুলোর ব্যাপারে একটা মোটামুটি ধারণা আছে। এখন আরেকটু জানার চেষ্টা করছি। তিনি তো বইও লেখেন, সেগুলোও পড়ছি।’ কবির সুমন যখন গান করেন, তাঁর সঙ্গে গিটার থাকে। পার্থ বড়ুয়াকেও গিটার ছাড়া ভাবাই যায় না। তাহলে কবির সুমনের অনুষ্ঠানেও কি পার্থর হাতে গিটারটি থাকবে? পার্থ বললেন, ‘এগুলোর জন্য তো আগে কিছুটা মহড়ার প্রয়োজন হয়, আর দেশ টিভির কর্তৃপক্ষের সঙ্গে তা নিয়ে আলোচনা হয়নি। এখনো তো কয়েক দিন বাকি আছে, দেখি কী হয়।’