এর আগে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৭’ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন রিয়াজ ও ফেরদৌস। সম্পর্কে তাঁরা মামা-ভাগনে। এবার রিয়াজ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯’ অনুষ্ঠান উপস্থাপনা করবেন শমী কায়সারকে সঙ্গে নিয়ে। তাঁদের সম্পর্ক মামা-ভাগনি।জানা গেছে, গত সোমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯ অনুষ্ঠানের উপস্থাপক চূড়ান্ত করা হয়। এই আয়োজনের সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কাজী আবু জাফর সিদ্দিকী জানান, রিয়াজ ও শমী জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯ অনুষ্ঠান উপস্থাপনা করবেন। পুরস্কার বিতরণ ছাড়াও হবে প্রায় এক ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান।রিয়াজ ও শমী কায়সার গতকাল বুধবার অনুষ্ঠানটি উপস্থাপনা করার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এই অনুষ্ঠানে গান করবেন সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী ও আঁখি আলমগীর। চলচ্চিত্রের বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নাচ করবেন শাকিব খান। তিনটি গানের সঙ্গে নাচ করবেন মৌসুমী ও ফেরদৌস। চলচ্চিত্রের ভিডিও পাইরেসির কারণে সৃষ্ট সমস্যা নিয়ে থাকবে নাটিকা। এখানে অংশ নেবেন এটিএম শামসুজ্জামানসহ আরও অনেকে।২৩ জুলাই বিকেলে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯ প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।