উপস্থাপক শফিক তুহিন
শফিক তুহিন একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, সুরকার এবং সংগীতপরিচালক। কিন্তু এবারের ঈদে তাঁর এসব পরিচয় ছাপিয়ে নতুন এক রূপেই দেখা মিলবে শফিক তুহিনের। ঈদের একটি অনুষ্ঠান ‘অজানা কথা’ উপস্থাপনা করছেন তিনি।শফিক তুহিনের উপস্থাপনায় এটাই প্রথম কোনো টিভি অনুষ্ঠান। ‘অজানা কথা’ অনুষ্ঠানে শফিক তুহিনের সঙ্গে অতিথি হিসেবে আছেন সংগীতজগতের আড়ালে থাকা তিনজন শিল্পী। তাঁরা হলেন: শওকত আলী ইমন, মিল্টন খন্দকার ও হাসান মতিউর।উপস্থাপনা প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘এ অনুষ্ঠানের মাধ্যমে সংগীতজগতের অনেক অজানা তথ্য দর্শকেরা জানতে পারবেন। যেহেতু অনুষ্ঠানটির ভাবনা সংগীতজগেক কেন্দ্র করে তাই উপস্থাপনার বিষয়টিতে রাজি হলাম।’উপস্থাপনায় নিয়মিত হবেন কি না—এমন প্রশ্নের জবাবে শফিক তুহিন বলেন, ‘এটা আসলে আমার কাজ নয়। আমি গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই। “অজানা কথা” অনুষ্ঠানটি যেহেতু সংগীতজগতের পেছনে থাকা মানুষদের নিয়ে, তাই উপস্থাপনা করেও ভালো লেগেছে।’