উপস্থাপনায় আরমান পারভেজ মুরাদ
মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা আরমান পারভেজ মুরাদ প্রথমবারের মতো উপস্থাপক হয়েছেন। ঈদে বিটিভিতে প্রচারিত হবে ‘ঈদ আনন্দ ডট কম’ নামের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। নাচ, গান, কৌতুকাভিনয়, সাক্ষাৎকার, আড্ডা ইত্যাদি মজার বিষয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান।অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে আরমান পারভেজ মুরাদ বলেন, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা, একই সঙ্গে চ্যালেঞ্জও । কারণ, অভিনয় আর উপস্থাপনা সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয়। এত দিন দর্শক আমাকে অভিনেতা হিসেবে দেখেছে। আর এবারের ঈদে বিটিভিতে দেখা যাবে উপস্থাপক হিসেবে। তাই চেষ্টা করেছি, নিজের পুরো মেধা কাজে লাগিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান উপহার দিতে। আশা করি, ঈদে বিটিভির দর্শকেরা ঈদ আনন্দ ডট কম অনুষ্ঠানটি অন্য রকম আনন্দে উপভোগ করবেন।’অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে দেখা যাবে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে। কৌতুক পরিবেশন করেছেন কলকাতার ফান রিয়েলিটি শো মিরাক্কেল-৫-এ যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকারী বাংলাদেশের প্রতিযোগী শশী। এ ছাড়া অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন রেশাদ, ফাহমিদা নবী, মিলা, ধারাভাষ্যকার মাজহারুল ইসলাম, নাজমুল হোসাইনসহ অনেকেই।