এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে গান নিয়ে প্রতিযোগিতার অনুষ্ঠান ‘শাহ্ সিমেন্ট নির্মাণের তারকা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন রিয়াজ ও তাঁর স্ত্রী তিনা। পরিচালনা করছেন রাসেল মাহমুদ। কথা হলো রিয়াজের সঙ্গে।এই অনুষ্ঠানেই প্রথম উপস্থাপনা করছেন?প্রথম উপস্থাপনা করেছিলাম ‘মেরিল-প্রথম আলো তারকা জরিপ ও সমালোচক পুরস্কার’ অনুষ্ঠানে। তবে টিভিতে এটাই প্রথম। আসলে এখানে উপস্থাপনার কাজটি খুব চ্যালেঞ্জিং। প্রস্তুতিটা থাকে মাথায়, হাতে কোনো কিছু লেখা থাকে না। মঞ্চে দাঁড়িয়েই অনেক কথা বলতে হয়। এমন অনেক ঘটনাই ঘটে, যা ওই মুহূর্তেই ঘটেছে, তার জন্য কোনো প্রস্তুতিও থাকে না। ওই ব্যাপারে আমি যা ভাবি কিংবা বুঝি, তাই বলে ফেলি। এখানে আপনার সহ-উপস্থাপক তিনা। এ ব্যাপারে কিছু বলুন।তিনা আমার স্ত্রী। ও সঙ্গে থাকায় অনেক কিছুই খুব সহজ মনে হয়, যেন নিজেরা কথা বলছি। তবে পরিমিতিবোধের ব্যাপারটাও বুঝতে হয়। কোথায়, কতটুকু বলা উচিত, আমরা দুজনই সেদিকে খুব খেয়াল রাখি। তবে মাঝেমধ্যে খুব আবেগতাড়িত হয়ে পড়ি। সেটা কী রকম?প্রতিযোগিতা থেকে একজন প্রতিযোগী বাদ পড়ে যাওয়ার পর বুঝতেই পারিনি কখন আমার চোখ দুটো ভিজে গেছে। পাশে দেখি তিনারও একই অবস্থা। আবার একজন প্রতিযোগী বললেন, তিনি বাড়িতে একটি মসজিদ বানাতে চান। সে জন্য টাকা প্রয়োজন। তাই তিনি এখানে এসেছেন। এমনই অসংখ্য ঘটনা।চলচ্চিত্রের খবর কী?গত বছর আমার ১০টি ছবি মুক্তি পেয়েছে। এবার হয়তো তা হবে না। এখানে দুটি ছবির কথা আলাদা করে বলতে চাইছি। প্রথমটি রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে শাহজাহান চৌধুরী তৈরি করছেন মধুমতি, আর দ্বিতীয়টি বাণিজ্যিক ছবি শাহীন-সুমন পরিচালিত জমিদার। তাহলে এখন ব্যস্ততা কী নিয়ে?এবার ব্যবসার কাজে একটু সময় দিচ্ছি। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি স্টল নিয়েছি। ৪৬ নম্বর প্যাভিলিয়নে। ওখানে নিয়মিত যাচ্ছি। সবার সঙ্গে দেখা হচ্ছে। চলচ্চিত্র, নাটক, উপস্থাপনা ও ব্যবসার ব্যাপারে সবার অনুভূতি কাছ থেকে জানতে পারছি। বিনোদন প্রতিবেদক