উপস্থাপনায় আসছেন সারিকা
একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মধ্য দিয়ে খুব অল্প সময়ের জনপ্রিয় মডেলে পরিণত হয়ে তারকা খেতাব অর্জন করেন মডেল ও অভিনেত্রী সারিকা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও আস্তে আস্তে নিজেকে টিভি নাটকে ব্যস্ত করে তোলেন তিনি। টিভি নাটকেও খুব অল্প সময়ের মধ্যে নিজেকে জনপ্রিয় করে তুলতে সক্ষম হন তিনি। এবার মডেল ও অভিনেত্রী সারিকা নতুন পরিচয়ে তাঁর দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। সারিকার নতুন পরিচয়টি হচ্ছে, উপস্থাপিকার। বাংলাভিশনের দর্শকেরা খুব শিগগিরই সারিকাকে উপস্থাপিকা হিসেবে দেখতে পাবে। এ সম্পর্কে সারিকা বলেন, ‘বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধানের সঙ্গে উপস্থাপনার ব্যাপারে আমার কথাবার্তা হয়েছে। তিনি আমাকে কয়েকটি অনুষ্ঠানের ব্যাপারে কথা বলেছেন। এরই মধ্যে নাটকের ব্যস্ততার জন্য আর উনার সঙ্গে কথা হয়নি। অনুষ্ঠানের কনসেপ্টগুলো শুনে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি, ওই কটি অনুষ্ঠানের মধ্য থেকে যেকোনো অনুষ্ঠানের উপস্থাপনার কাজ করব।’ সারিকা আরও বলেন, ‘খুব ভালো লাগছে উপস্থাপনার কাজ করতে যাচ্ছি ভেবে। এটি হবে আমার উপস্থাপনায় প্রথম অনুষ্ঠান। আশা করছি, যে ধরনের অনুষ্ঠান সেটি সবার ভালোই লাগবে।’ এদিকে বেশ কয়েক দিন ধরে নিরব-সারিকার বিয়ের ব্যাপারটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ সম্পর্কে সারিকা বলেন, ‘এটা নিছকই গুজব। আমরা যদি বিয়ের সিদ্ধান্তই নিতাম, তাহলে সেটা অবশ্যই সবাইকে জানাতাম। নিরব শুধু আমার অনেক ভালো একজন বন্ধু।’