উপস্থাপনায় নোবেলের চমক
টিভি দর্শকের সামনে নতুন চমক হয়ে আসছেন মডেল নোবেল। নোবেলকে প্রায় প্রতিদিনই টিভির পর্দায় বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে দেখেন সবাই। তবে টিভির কোনো অনুষ্ঠান উপস্থাপনায় তাঁকে খুব একটা দেখা যায়নি। প্রথমবারের মতো তিনি উপস্থাপনা করলেন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯’-এর পর্দার পেছনের গল্প অনুষ্ঠানে। তবে দর্শকের জন্য নতুন চমক—পর্দার পেছনের গল্প অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে দুই নোবেলকে উপস্থাপনা করতে দেখবেন।মেরিল-প্রথম আলো পুরস্কারের এক যুগ এবার। গত ১১ বছরের উল্লেখযোগ্য আয়োজন তো থাকছে পর্দার পেছনের গল্প অনুষ্ঠানের প্রতি পর্বে, সঙ্গে থাকবে যাঁরা পাঠক ভোটে মনোনয়ন পেয়েছেন, তাঁদের প্রতিক্রিয়াসহ নানা আয়োজন।টিভির পর্দায় উপস্থাপনা করা প্রসঙ্গে নোবেল বলেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি নিয়ে সব তারকার মধ্যেই একটা আগ্রহ থাকে। আগে পুরস্কার পাওয়ার আশায় থাকতাম। এখন প্রতিবছর এই অনুষ্ঠানটি দেখার অপেক্ষায় থাকি। সেই অনুষ্ঠানের প্রচারণায় ভিন্নধর্মী আয়োজন পর্দার পেছনের গল্প উপস্থাপনা করতে গিয়ে আমি ভীষণ এক্সাইটেড। কারণ, অনুষ্ঠানে একই সঙ্গে দুই রূপে দুই নোবেলকে দেখবেন দর্শক। বিষয়টি খুব উপভোগ করছি।’ ব্যতিক্রমধর্মী এই আয়োজন নিয়ে প্রতি বৃহস্পতিবার রাত নয়টা ৩৫ মিনিটে নোবেল হাজির হবেন চ্যানেল আইয়ের পর্দায়। পর্দার পেছনের গল্প গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কবির বকুল। পরিচালনা করেছেন গাজী শুভ্র।