উপস্থাপনায় প্রীতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারে টিভি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নাম লেখালেন কণ্ঠশিল্পী প্রীতম। সংগীত নিয়ে বৈশাখী টেলিভিশনের নতুন অনুষ্ঠান ‘বড় বেশি ভালোবাসি গান’-এর মধ্য দিয়ে উপস্থাপনায় তাঁর পথ চলা শুরু হলো। এর আগে ‘রেডিও আমার’-এ ‘তার ছেঁড়া’ শীর্ষক একটি অনুষ্ঠানে কথাবন্ধুর ভূমিকায় থাকলেও টিভি অনুষ্ঠানে প্রীতমের নিয়মিত উপস্থাপনা এটাই প্রথম।এ প্রসঙ্গে প্রীতম বলেন, ‘এর আগে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে টুকটাক উপস্থাপনা করলেও, সেটাকে পুরোদস্তুর উপস্থাপনা বলা যাবে না। তার ওপর শুরুতেই চ্যানেলটি বন্ধ হয়ে গেল। তবে এবারে আমি পেশাদার উপস্থাপক হিসেবেই এ দীর্ঘ এই অনুষ্ঠানটি হাতে নিয়েছি।’ জানা গেছে, বড় বেশি ভালোবাসি গান শিরোনামের ভিন্নমাত্রার এ অনুষ্ঠানের উপস্থাপনার পাশাপাশি গ্রন্থনাও করছেন প্রীতম। প্রতি বুধবার আটটা ২০ মিনিটে সম্প্রচার হওয়া এ অনুষ্ঠানে দেখা যাবে জ্যেষ্ঠ শিল্পী ও সংগীতজ্ঞদের একান্ত আলাপচারিতা আর গান। প্রীতম আরও বলেন, ‘আমরা প্রতি পর্বে একজন জ্যেষ্ঠ শিল্পীর বাসা কিংবা স্টুডিওতে চলে যাই। সেখানে আমরা গল্পে মেতে উঠি। তাঁর কাছে জানতে চাই আগের গান আর বর্তমান গানের গল্প। সেই সঙ্গে ওঁর কণ্ঠেও গান শুনি। অনুষ্ঠানটি করতে গিয়ে আমার নিজেরও দারুণ অভিজ্ঞতা হচ্ছে। জানতে পারছি অনেক কিছু।’উল্লেখ্য, এ বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে প্রীতমের একক গানের অ্যালবাম ভালো থেকো। অ্যালবামটি উত্সর্গ করা হয় প্রয়াত অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদিকে।