
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এর সাংস্কৃতিক অনুষ্ঠানটির উপস্থাপনায় দেখা যাবে ফেরদৌস ও পূর্ণিমাকে। এর আগে একাধিকবার ফেরদৌস এবং গত বছর চঞ্চল চৌধুরীর সঙ্গে পূর্ণিমা উপস্থাপনা করলেও এবারই প্রথম দুজন একসঙ্গে উপস্থাপনা করতে যাচ্ছেন।
প্রস্তুতি কেমন-জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘যেহেতু আমার সঙ্গে ফেরদৌস আছেন, তাই টেনশনটা কম। কারণ উপস্থাপনায় আমাদের রসায়নটা চমৎকার।’
অন্যদিকে ফেরদৌস বলেন, ‘যেহেতু এটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, একটা নির্দিষ্ট ছকে অনুষ্ঠানের স্ক্রিপ্ট করা থাকে, তাই বিশেষ কিছু করার সুযোগ থাকে না। তবু আমরা চেষ্টা করব একটু ভিন্নতা আনতে। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হবে, তাই আমি আর পূর্ণিমা চেষ্টা করব ভালো করতে।’
আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।