উপস্থাপনায় বালাম-হাবিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরবেশ বাবা আমাকে ঈদের দিন গান গাইতে নিষেধ করেছেন। তাই ওই দিন (অনুষ্ঠানটি যেদিন প্রচারিত হবে) আমি গান গাইব না। আজ শুধু এখানে সবার সঙ্গে আড্ডা দেব। ঈদের দিনের কিছু ঘটনা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করব, তবে অনুষ্ঠানের একেবারে শেষ দিকে দরবেশ বাবার রহস্যটাও ভেদ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব। আর সেই রহস্যভেদের খবর জানতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত। গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে কথাগুলো বলছিলেন হাবিব। আর ওই অনুষ্ঠানের মাধ্যমে একসঙ্গে বালাম ও হাবিব আবারও কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছেন। ঈদের জন্য নির্মিত বাংলাভিশনের আড্ডাধর্মী এ অনুষ্ঠানটির নাম চলতে চলতে দেখা হলো।অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকবেন এ সময়ের জনপ্রিয় আরও চারজন সংগীত তারকা। তাঁরা হলেন মিলা, ন্যান্সি, এলিটা ও আরফিন রুমি। ৪৫ মিনিটের এ অনুষ্ঠানে উপস্থাপনাসহ অতিথিরা তাঁদের জীবনে ঈদ নিয়ে নানা অভিজ্ঞতা এবং জীবনের অনেক না-বলা কথা দর্শক-শ্রোতাদের বলবেন। অনুষ্ঠানের উপস্থাপনা সম্পর্কে হাবিব বলেন, ‘এটি শুরু বালাম ভাইয়ের দ্বারা হলেও শেষটা হয়েছে আমাকে দিয়ে। তাই উপস্থাপনাটাও এক সুযোগে করে ফেললাম আর কি। তা ছাড়া আরেকভাবে বললে বলা যায়, এখানে যাঁরা অতিথি হিসেবে এসেছিলেন, তাঁরা সবাই উপস্থাপনার কাজ করেছেন, তবে একপর্যায়ে আমার কাছে মনে হয়েছে, ঘরে বসেই আড্ডা দিচ্ছি।’ অনুষ্ঠানে বালাম বেশ মজা করেছেন সবার সঙ্গে। তবে কোনো সিরিয়াস উপস্থাপনায় আবদ্ধ না থেকে একেবারে ঘরোয়া আড্ডার আমেজ নিয়ে আসেন। অনুষ্ঠানে সবাই নিজেদের কয়েকটি জনপ্রিয় গান গেয়ে শোনাবেন। শুরুর অংশটার উপস্থাপক বালাম।অনুরূপ আইচের গ্রন্থনা ও পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ। চলতে চলতে দেখা হলো অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাভিশনে ঈদের দিন সন্ধ্যা সাড়ে ছয়টায়।