উপহারদাতা ব্র্যাড
বিয়ের উপহার হিসেবে কী দিতে চান হবু স্ত্রীকে? গয়না, শাড়ি? বাজেট কত আপনার? আড়াই লাখ ডলারের ঘড়ি উপহার দেওয়ার সামর্থ্য আছে? না থাকারই কথা। তবে উপহারদাতার নাম যদি হয় ব্র্যাড পিট, তাহলে তো এ কিছুই না!সুইজারল্যান্ডে তৈরি অসাধারণ একটি ঘড়ি উপহার দিচ্ছেন ব্র্যাড তাঁর হবু স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে। এমনিতে কেউ এটা কিনতে চাইলে ফরমায়েশ দিয়ে অপেক্ষা করতে হয় দুই বছর। হাতে বানানো এই ঘড়ি তৈরিতে নাকি সময় লাগে পাক্কা দুই মাস। সোনার এই ঘড়ির ডায়াল তৈরিতে ব্যবহূত হয়েছে ‘মাদার অব পার্ল’। তবে সাদামাটা ঘড়ি নয়, একে দেখা যায় এক মহামূল্য শিল্প হিসেবেই। উপহার দেওয়ার মুডেই আছেন ব্র্যাড। মা যখন পেলেন, ছেলে ম্যাডক্সই বা বাদ পড়বে কেন! তবে তাকে এমন শৌখিন কিছু নয়, তার বয়স উপযোগী উপহারই কিনে দিয়েছেন ব্যাড—ছোটদের একটা সুজুকি বাইক। ১১তম জন্মদিনে বাবার কাছ থেকে এই উপহার পেয়েছে সে। আর এই বাইক চালানোর জন্য ফ্রান্সে তাঁদের প্রাসাদে একটি বিশেষ রাস্তাও তৈরি করে দিয়েছেন ব্র্যাড। ব্যাং শোবিজ, আইএএনএস।