উপায় খুঁজছেন তাহসান

তাহসানের নতুন ব্যান্ডের ‘তাহসান অ্যান্ড সুফিজ’ অ্যালবামের গান প্রকাশের জন্য নতুন উপায় খুঁজছেন তাহসান। এর মধ্যে তিনি ফেসবুকের ফ্যান পেইজে ব্যান্ডের অ্যালবামের একটি গান প্রকাশও করেছেন।
(www.facebook.com/tahsanfans) ঠিকানায় ১ জুলাই ‘জিজ্ঞেস করেছ’ গানটি প্রকাশিত হয়েছে। প্রথম তিন দিন গানটি তাহসান-ভক্তদের জন্য বিনা মূল্যে শোনার পাশাপাশি ডাউনলোডেরও সুবিধা ছিল। বিনা মূল্যে গান ডাউনলোড করার সময় পার হয়ে যাওয়ায় এখন থেকে গানটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তাহসান-ভক্তরা কিনতে পারবে।
প্রথম আলো ডটকমকে তাহসান বলেন, ‘পাইরেসির দোহাই দিয়ে আমাদের অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শিল্পীদের কোনো সম্মানী দিচ্ছে না। এমনকি তারা প্রতিষ্ঠিত শিল্পীদের অ্যালবাম প্রকাশ করতেও খুব একটা আগ্রহী নয়। প্রতিষ্ঠিত শিল্পীদের অ্যালবাম প্রকাশ করতে হলে নাকি প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অনেক টাকা খরচ করতে হয়। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এ ধরনের আচরণের কারণে প্রতিষ্ঠিত শিল্পীরাও সিডি আকারে অ্যালবাম প্রকাশের দিক থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ভাবছেন নতুন কোনো পথে অডিও ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া যায় কি না। তারই প্রক্রিয়া হিসেবে আমি ‘তাহসান অ্যান্ড সুফিজ’ অ্যালবামের একটি গান ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হই।’

তাহসান আরও বলেন, ‘অনেক দিন ধরে ভক্ত-শ্রোতারা নতুন গান শোনার জন্য নানাভাবে অনুরোধ করে আসছেন। কিন্তু অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর উদ্ভট কিছু আচরণের কারণে মাঝে অ্যালবামের গান প্রকাশ থেকে বিরত ছিলাম। বেশ কিছুদিন ধরে ভাবছি, প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর রাগ করে শ্রোতাদের গান শোনানো থেকে বঞ্চিত করার কোনো মানে হয় না। ওয়েবসাইটে গান প্রকাশের পর যদি সিডি আকারে ভক্ত-শ্রোতারা গানগুলো শুনতে চান, তাহলে প্রয়োজনে নিজে কোনো প্রতিষ্ঠান চালু করে সেখান থেকেই অ্যালবাম প্রকাশ করব। তার পরও পাইরেসির দোহাই দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছে নিজের অ্যালবাম দেব না।’
‘তাহসান অ্যান্ড সুফিজ’ অ্যালবামের ‘জিজ্ঞেস করেছ’ গানটি বাজারজাত করছে মাশরুম এন্টারটেইনমেন্ট লিমিটেড। গানটি এখন শুনতে কিংবা কিনতে চাইলে তাহসান-ভক্তরা (www.facebook.com/tahsanfans অথবা http://tahsan.bandcamp.com)ঠিকানায় ভিজিট করতে পারেন।