উপেন দেবীর দেখা পেলেন নওশাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে উপেন দেবীর সঙ্গে নওশাবা
বান্দরবানে উপেন দেবীর সঙ্গে নওশাবা

উপেন দেবীর বাড়ি বান্দরবান। মা নেই। বাবা জুমচাষ করেন। মায়ের অকালমৃত্যু আর ভাইবোনের সংখ্যা বেশি হওয়ায় উপেন দেবী থাকে এক দূরসম্পর্কের বোনের সঙ্গে। পাহাড়ঘেরা সবুজের মধ্যে বেড়ে ওঠা এই ছোট্ট মেয়েটির সকাল শুরু হয় ঘরের টুকটাক কাজ আর প্রার্থনা দিয়ে। তারপর স্কুল। জাগো ফাউন্ডেশন পরিচালিত বান্দরবান অনলাইন স্কুলের ক্লাস ওয়ানে পড়ছে সে। বাড়ি থেকে স্কুল প্রায় ৭৫০ ফুট উঁচু। তবু ওই স্কুলটাই প্রিয় তার।
এই উপেন দেবীর সঙ্গে অভিনেত্রী নওশাবার একটা সম্পর্ক আছে। আক্ষরিক অর্থে উপেন পড়ছে নওশাবার করা আর্থিক সহযোগিতার মাধ্যমে। কিন্তু নওশাবার ভাষায়, উপেন দেবী তাঁর মেয়ে। সে হিসেবে সম্পর্কটা মা ও মেয়েরই।
কদিন আগে সেই উপেন দেবীকে দেখতে গিয়েছিলেন নওশাবা। উপেনের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন নির্মাতা খিজির হায়াত খান। নির্মাণ করেছেন একটি তথ্যচিত্র। সেটি এরই মধ্যে তুলে দেওয়া হয়েছে জাগো ফাউন্ডেশনের ফেসবুক পেজে। তথ্যচিত্রটি নিয়ে নওশাবা বললেন, ‘এটা করার উদ্দেশ্য হলো, সমাজের বিত্তবান মানুষেরা যেন ভিডিওটি দেখে অবহেলিত শিশুদের পাশে এসে দাঁড়ান। এ জন্য যে খুব বেশি অর্থ লাগে, তা নয়। মনের ইচ্ছাটাই জরুরি।’
নওশাবার মতো অনেক তারকাই শিশুদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। জাগো ফাউন্ডেশনের ক্রিয়েটিভ প্ল্যানার আহমেদ এহসানুর রহমান জানালেন, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, এলিটা, পড়শী, নির্মাতা খিজির হায়াত খান, অভিনেতা ইরেশ যাকের, উপস্থাপক নাবিলা, মারিয়া নূর ও ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদসহ অনেকেই আছেন তাঁদের সঙ্গে।