উমরাহ পালন করলেন জয়
পরিবারের সবাইকে নিয়ে চলতি মাসের ১ তারিখ উমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন অভিনয়শিল্পী ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। উমরাহ পালন শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন তিনি। এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে জয় বলেন, ‘মনের তাগিদ থেকেই উমরাহ পালন করতে গিয়েছি। এর আগেও আমি দুবার উমরাহ পালন করেছি। এক ধরনের মানসিক তৃপ্তি অনুভূত হয়। আর তাই গত দুই বছরে তিনবার উমরাহ পালন করেছি।’ আগামীকাল শুক্রবার সকালের ফ্লাইটে ১০ দিনের জন্য যুক্তরাজ্য যাচ্ছেন জয়। সেখানে তিনি প্রবাসী বাঙালিদের আয়োজনে বৈশাখী মেলার একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এ প্রসঙ্গে জয় বলেন, ‘আমি স্কয়ার গ্রুপের শুভেচ্ছাদূত হিসেবে যুক্তরাজ্যের মেলায় অংশ নিতে যাচ্ছি। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ২০ মে দেশে ফিরব বলে আশা করছি।’দেশে ফিরে জয় ‘প্রতিদিন প্রতিশোধ’ নামের একটি নাটক নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত হবেন বলেও জানান। ‘প্রতিদিন প্রতিশোধ’ নাটকটি পরিচালনার পাশাপাশি তাতে অভিনয়ও করবেন জয়। এই নাটকের অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন শহীদুজ্জামান সেলিম, জিতু আহসান ও তারিন।