উল্কিতে ভুল কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলিই যেন উল্কির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। কথাটা আক্ষরিক অর্থেও নিতে পারেন। জোলির পৃষ্ঠ বা পিঠ যে বেশ কিছু উল্কি পুষছে। উল্কি আঁকাতে এ আর ভুল কী! জোলির কাছে প্রতিটি উল্কিই যেন এক একটা স্মৃতিফ্রেম। প্রতিটি উল্কির সঙ্গেই মিশে আছে কোনো না কোনো গল্প।
জোলির জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি তাঁর ছয় সন্তান। এর মধ্যে সবাইকে তিনি জন্ম দেননি। কিন্তু শুধু জন্ম দিলেই নাড়ির টান থাকে? নারীর টান যে স্বর্গীয় একটা ব্যাপার। সেই মাতৃত্বের স্নেহের আঁচল দিয়ে জোলি ঘিরে রেখেছেন তাঁর ছয় সন্তানকেই। এই সন্তানদের নিয়েও আছে তাঁর উল্কি। তাঁর বাঁ কাঁধের উল্কিগুলোতে আছে কোন সন্তানের জন্ম কোথায়—এই তথ্য।

অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

N 11º 33’ 0” E 104º 51’ 00” এই উল্কিটি কম্বোডিয়ার নমপেনের ভৌগোলিক অবস্থানের কথা জানাচ্ছে। যেখান থেকে তিনি ম্যাডক্সকে দত্তক নিয়েছিলেন। একইভাবে N 9º 2’ 0” E 38º 45’ 0” উল্কিটি বোঝাচ্ছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, যেখানে তিনি দত্তক নেন জাহারাকে। S 22º 40’ 26” E 14º 31’ 40” নামিবিয়ার সোয়াকপমুন্ড, এখানেই জন্ম দিয়েছিলেন মেয়ে শিলোর। N 10° 46’ 0” E 106º 41’ 40” ভিয়েতনামের হোচিমিন সিটি, এখানে দত্তক নেন প্যাক্সকে। N 43º 41’ 21” E 07º 14’ 28” হচ্ছে ফ্রান্সের নিস, এখানে ২০০৮ সালে জন্ম নেয় তাঁর যমজ সন্তান নক্স আর ভিভিয়েন।
সন্তানের মঙ্গল কামনায় জোলির পিঠে আঁকা আছে গৌতম বুদ্ধের বাণীও। থাই ভাষায় লেখা এই বাণীর অর্থ, ‘তোমার শত্রুরা নির্বংশ হোক, তোমার ধন তোমারই থাকুক।’ এর আগে একই জায়গায় আরেকটি ট্যাটু ছিল। জাপানি ভাষায় লেখা ‘মৃত্যু’। তবে সন্তানদের মধ্যে জীবনের নতুন গানের সন্ধান পেয়েছেন বলেই হয়তো সেই ট্যাটু মুছে বুদ্ধের অমৃতবাণী আঁকান।

অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

জোলির পিঠের নিচের দিকে, না ভুল করেও তাকাবেন না, সেখানে যে বসে পাহারা দিচ্ছে আস্ত একটা বাঘ! ধন্য বঙ্গ ব্যাঘ্রের জীবন। জোলি যে সেখানে বেঙ্গল টাইগারের ছবিই আঁকিয়েছেন! ২০০৪ সালে ব্যাংকক ভ্রমণে বিখ্যাত ট্যাটু শিল্পী নু সমপং কানফাইন এই উল্কি এঁকে দেন।
জোলি বেশ কিছু রোমান হরফের উল্কিও আঁকিয়েছেন। প্রথমে আছে রোমান XIII সংখ্যাটি। যার মানে ‘১৩’। অপয়া তেরোর তত্ত্বে বিশ্বাস করার মতো কুসংস্কারগ্রস্ত তিনি যে নন, সেটাই যেন সগর্বে জানিয়ে দেওয়া। আরও আছে V MCMX। এটি একটি তারিখ। ১৯৪০ সালের ১৩ মে। যে তারিখে উইনস্টন চার্চিল বিখ্যাত উক্তিটি করেছিলেন, ‘রক্ত, কঠোর শ্রম, অশ্রু আর ঘাম ছাড়া দেওয়ার মতো আর কিছুই নেই।’
মার্কিন নাট্যকার টেনেসি উইলিয়ামসের বিখ্যাত একটি লাইনও আঁকিয়েছেন—‘আ প্রেয়ার ফর দ্য ওয়াইল্ড অ্যাট হার্ট কেপ্ট ইন কেজ’। যে বাক্যটির ব্যাখ্যা দিতে গিয়ে জোলি একবার মন্তব্য করেন, ‘যখন আমি দেখি, মানুষ তাঁর স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না, যখন আমি দেখি তারা সুখী নয়, আমি তাদের সবার জন্য প্রার্থনা করি।’
আরবি হরফে আঁকিয়েছেন ‘আল আজিমা’, যার মানে দৃঢ় প্রতিজ্ঞা। মানবাধিকারকর্মী জোলি আঁকিয়েছেন এই কথাটিও, ‘নিজের অধিকার সম্পর্কে জানো’।
জোলির আরেকটি ট্যাটু নিয়ে মজার গল্প আছে। একটি ড্রাগনের ছবি, পাশে লেখা ‘বিলি বব’ নামটি। তখনকার স্বামী বিলি বব থর্নটনের নামে উল্কি আঁকিয়ে এভাবেই ‘ধরা’ খেয়েছিলেন। সেটি মুছে ফেলতে হয়। তবে তাঁর কবজিতে ঠাঁই করে নেওয়া ‘H’ অক্ষরটিকে মনে করা হতো তাঁর সাবেক প্রেমিক টিমোথি হাটনের নামে উৎসর্গিত। তবে সেই সম্পর্ক মুছে যাওয়ার পরও যখন উল্কিটি মোছেননি, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। আর জোলি দাবি করেন, এইচ অক্ষরটি তাঁর ভাই জেমস হ্যাভেনের জন্য! এ যেন বাংলাদেশের সেই জনপ্রিয় বিজ্ঞাপনে চুইংগাম খেয়ে চাপার জোর বাড়িয়ে ‘W’-কে ‘M’ হিসেবে চালিয়ে দেওয়া!
তবে জোলি থর্নটনের অভিজ্ঞতাকে মনে করিয়ে দিয়ে বলেন, ‘এই জীবনে বাপু আর কোনো পুরুষের ট্যাটু আঁকব না।’ না, জোলি সেই কথা রাখতে পারেননি। অনেক দেরিতে হলেও পরে ঠিকই ব্র্যাড পিটের নামে একটি ট্যাটু করিয়েছেন।
এই উল্কিও তাঁর জীবনে হবে ভুল কি? বালাই ষাট!
রাজীব হাসান
হলিউড লাইফ অবলম্বনে