উল্টো ধমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও সাত রাস্তার মোড়ে অনন্য মামুনের ব্ল্যাকমেইল ছবির শুটিং চলছে। গোডাউনের মধ্যে আনিসুর রহমান মিলনের হাত-বাঁধা। মৌসুমী হামিদ শাসাচ্ছে, তাঁকে বিয়ে করতেই হবে—এমন দৃশ্য ধারণ চলচ্ছে। গোডাউনের চারপাশজুড়ে মহিলা আর পুরুষ শ্রমিকদের হইচই। দৃশ্য ধারণে বারবার ছন্দপতন ঘটছে। অন্যদিকে গোডাউনে পুরোনো চালের গায়ে থাকা পোকার আক্রমণে অস্থির দুই তারকা। এক নারী শ্রমিক কাছে এসে মৌসুমীকে জিজ্ঞাসা করলেন, ‘আপা, আপনি নায়িকা?’ মৌসুমী বললেন, ‘হ্যাঁ।’ এবার ওই নারী শ্রমিকের আবদার, ‘আপা, একটু নাচেন তো!’ এ কথা শুনে হো হো করে হেসে উঠলেন মৌসুমী।
এদিকে শ্রমিকদের হইচইয়ের কারণে কোনোভাবে দৃশ্য ধারণ করা যাচ্ছিল না। আবার পোকার আক্রমণে বেশিক্ষণ শটও নেওয়া যাবে না। মৌসুমীর চিৎকার, ‘প্লিজ, সবাই হইচই বন্ধ করো, বন্ধ করো।’
কে শোনে কার কথা! শ্রমিকদের মধ্যে একজন তো পাল্টা আক্রমণ করে বসলেন। ধমকের সুরে বললেন, ‘আপনি চিৎকার বন্ধ করুন।’ শুনে মৌসুমী তো থ! কিছুক্ষণ পর ফিক করে হাসলেন তিনি।