কবিগুরুর সংগীতপ্রেরণার উৎসে যিনি ছিলেন সেই নতুন বৌঠান কাদম্বরী দেবীকে নিয়েই অনুষ্ঠান, শিরোনাম—‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’। অনুষ্ঠানে জীবনস্মৃতি থেকে পাঠ, নৃত্যের ছন্দে-সুরের আনন্দে উঠে আসে কবি ও তাঁর বৌঠানের স্নেহ-ভালোবাসার অপূর্ব গাথা। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে গত বছরের ১৩ মে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে ব্যতিক্রমী এই আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। ২০১০ সালের নানা সময়ে সব অপূর্ব অনুষ্ঠানে যেমন ব্যস্ত ছিল চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গন, তেমনি নতুন বর্ষের উষালগ্নেও চলছে আয়োজনের ঘনঘটা। ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি হয়ে গেল ফেইমের যুগপূর্তি উৎসব। হরেক আয়োজনের মধ্যে অসীম দাশের নির্দেশনায় ফেইম নাট্যকলা বিভাগের নাটক রক্তকরবী মন ভরিয়েছে দর্শকদের। সমাজ সমীক্ষা সংঘের প্রাণের আয়োজন লোক উৎসব শুরু হচ্ছে আগামী কাল। দেশের প্রত্যন্ত এলাকার লোকশিল্পীরা গান, নাচে মাতিয়ে তুলবেন ডিসি হিল। এতে সংবর্ধনা দেওয়া হচ্ছে আঞ্চলিক গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল গফুর হালী ও সৈয়দ মহিউদ্দিনকে। ২০১০ সালে পয়লা বৈশাখ, রবীন্দ্র ও নজরুলজয়ন্তী ঘিরেই ছিল বেশির ভাগ আয়োজন। একুশ মেলা, স্বাধীনতার বইমেলা ছাড়া, মুক্তিযুদ্ধের বইমেলা ও বিজয় মেলায় ছিল উৎসবের রং। তিন যুগপূর্তিতে অনুষ্ঠিত হয় জমজমাট ‘অরিন্দম উৎসব।’ ঐতিহ্যবাহী বসন্ত উৎসব ছাড়াও বোধন আবৃত্তি পরিষদ কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী আয়োজন করে ‘নানা রবীন্দ্রনাথের একখানি মালা’ শীর্ষক অনুষ্ঠান।বছরের শুরুতে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদির দৃশ্যায়ন হয় চট্টগ্রাম বন্দরের অন্দরে। সেখানে নানা পরিবেশনার সুযোগ পেয়েছেন চট্টগ্রামের শিল্পীরা। তারকাশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া ও রবি চৌধুরীরা যেমন, ‘ও ভাই আঁরা চাঁটগাইয়া নওজোয়ান’ গেয়ে দর্শক মাতিয়েছেন তেমনি আঞ্চলিক গানের জনপ্রিয় জুটি সঞ্জিত আচার্য ও কল্যাণী ঘোষ গেয়েছেন চিরসবুজ সেই গান—‘বাছুরে.. রেঙ্গুম শহর যাইয়ুম আঁই তোঁয়ারলাই আইন্নুম কি...।’ নতুন নাটক খুব একটা পাওয়া না গেলেও বছরজুড়ে পুরোনো নাটক নিয়ে সরব ছিল নাট্যদলগুলো। আর নাট্যাঙ্গনের আলোচিত আয়োজন ছিল ‘প্রাঙ্গণে মোর কর্ণফুলী নাট্যোৎসব-২০১০’। চট্টগ্রামে নাটক মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমী, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম ও স্টুডিও থিয়েটার মিলনায়তনে। নাটকের দলগুলোও তিনটি মিলনায়তনকেন্দ্রিক। এবার অরিন্দম, থিউচ, উত্তরাধিকার, বিনোদিনী ও অনন্য থিয়েটার নতুন নাটক নামিয়েছে। ১ অক্টোবর শিল্পকলায় অনুষ্ঠিত হয় বিনোদিনীর প্রযোজনা পায়ের আওয়াজ পাওয়া যায়। নান্দীমুখ প্রযোজনা ঊর্ণাজাল, ফেইমের রক্তকরবী ও মঞ্চমুকুটের প্রথম পার্থ ছাড়াও আরও অনেক নাটক ছিল। বছরজুড়ে ছিল পথনাটকের জয়যাত্রা। শুধু চট্টল থিয়েটার ২০-২৫টি পথনাটক করেছে। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শেখ শওকত ইকবাল জানান, ‘আলোচ্য বছরে নতুন নাটক করেছে হাতেগোনা কিছু দল। বছরজুড়ে পুরোনো নাটকের নতুন মঞ্চায়ন করেছে দলগুলো। তবে গত বছর চট্টগ্রামের নাট্যাঙ্গন একটু পিছিয়ে ছিল বলে মনে হয়। শুরুতে আয়োজনের ঘনঘটা বছরটা অন্য রকম হবে বলে মনে করি।’ এবার একক সংগীতের অনুষ্ঠান হয়েছে বেশি, তাতে চট্টগ্রামের শিল্পীদের পাশাপাশি জাতীয় পর্যায়ের শিল্পীরাও অংশ নিয়েছেন। কেয়া লাহিড়ীর মতো নবীনরা যেমন ভাসিয়েছেন সুরের খেয়া, তেমনি আবদুল জব্বারের মতো শিল্পীও তাঁর স্মৃতিময় গান গেয়ে মন ভরিয়েছেন চট্টগ্রামের দর্শকদের। আনন্দ সংগীতাঙ্গনের অন্য একটা অনুষ্ঠানে ছিল সোনালি অতীতের গান। ফেব্রুয়ারিতে চট্টগ্রাম উৎসবের আয়োজন করে শিল্পকলা একাডেমীর আড্ডার দল চট্টগ্রাম উৎসব পরিষদ। এতে গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল গফুর হালী ও সৈয়দ মহিউদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর শাস্ত্রীয় সংগীতের আসর অনুষ্ঠিত হয় ১৩ জুন। কর্ণফুলীতে সাম্পান উৎসব ও সংগীতানুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়ে দর্শক মাতান কল্পনা লালা, কান্তা নন্দী, সঞ্জিত আচার্যসহ অনেকে। সংগীতশিল্পী ও সংগঠক দীপংকর দে বলেন, ‘পয়লা বৈশাখসহ বড় আয়োজনে চট্টগ্রামের আঞ্চলিক গান বেশ কদর পেয়েছে। ২০১১ সালটাও এমনই হবে আশা রাখি।’ নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া জানান, ২০১০ সালে নৃত্যাঙ্গনের উপভোগ্য আয়োজন ছিল প্রাপন একাডেমির ‘মিলনের ছন্দে-আনন্দে’ ও সঞ্চারি নৃত্যকলা একাডেমির ‘এসো নৃত্যালোকে’ শীর্ষক নৃত্য উৎসব।’