উষ্ণ আলিঙ্গনে দূরত্ব ঘোচালেন অজয়-শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ ও অজয়
শাহরুখ ও অজয়

বলিউডের দুই তারকা অজয় দেবগন ও শাহরুখ খানের সম্পর্ক গত বছর থেকেই বেশ শীতল ছিল। দুজন পরস্পরকে এড়িয়েও চলতেন। সম্প্রতি উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে সম্পর্কের শীতলতা দূরে সরিয়ে দিলেন তাঁরা।

পরিচালক রোহিত শেঠি অজয়কে নিয়ে ‘সিংঘাম রিটার্নস’ ছবির শুটিং করছেন। মুম্বাইয়ে মেহবুব স্টুডিওতে হঠাত্ হাজির হন শাহরুখ খান। শাহরুখকে সেটে দেখে অজয় তার দিকে হাত বাড়িয়ে দেন। শাহরুখও তাকে আলিঙ্গনে বেঁধে ফেলেন। এভাবেই সবাইকে অবাক করে দিয়ে অজয়-শাহরুখ এক হয়ে গেলেন।

এমনিতে শাহরুখ-অজয়ের মধ্যে খুব বেশি ঝামেলার কথা শোনা যায় না। কারণ, অজয়-পত্নী কাজল শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু। কাজল-শাহরুখের ছবিও বরাবরই হিট। কিন্তু গত বছর শাহরুখ খানের ‘জাব তাক হ্যায় জান’ ও অজয়ের ‘সান অব সর্দার’ ছবির মুক্তির তারিখ নিয়ে গোলযোগ তৈরি হয়। দুজনই একই সময় ছবি মুক্তির তারিখ নির্ধারণ করলে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরস্পরকে জনসম্মুখে এড়িয়ে চলতেন তাঁরা। কিন্তু উষ্ণ আলিঙ্গনেই সব দূরত্ব ঘুচে গেল।