উৎসব-আনন্দে পদাতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সামনে রং-বেরঙের ফেস্টুন। বিকেল হলেই প্রতিদিন নাট্যকর্মী আর দর্শকের উপচে পড়া ভিড়। এখানে চলছে পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ আয়োজিত সপ্তাহব্যাপী নাট্যোত্সব। মার্চ থেকে নাট্যশালা ঘিরে শুরু হয়েছে দুই পদাতিকের (পদাতিক নাট্য সংসদ এবং পদাতিক নাট্য সংসদ টিএসসি) নাট্যোৎসব। এপ্রিলের মাঝামাঝি এখানে হয়ে গেল আইটিআইয়ের আন্তর্জাতিক নাট্যোৎসব। গত ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘কচি স্মারক পদাতিক নাট্যোৎসব ২০১০’। আগের উৎসবগুলোর ঢেউ যেন এ উৎসবেও এসে লেগেছে। পদাতিক নাট্য সংসদের প্রধান সেলিম শামসুল হুদা চৌধুরী বলেন, ‘উৎসব খুবই ভালো হচ্ছে। প্রচুর দর্শক আসছে। মনে হচ্ছে যেন দর্শকের সাড়া পড়ে গেছে।’ তিনি বলেন, ‘দুই মাস ধরে শিল্পকলা একাডেমীর নাট্যশালায় উৎসব লেগেই আছে। আমি মনে করি, টানা উৎসবের কারণে নতুন নতুন দর্শক তৈরি হচ্ছে। দিন দিন বাড়ছে দর্শক। আমরা প্রতিদিনই ১২ থেকে ১৫ হাজার টাকার পর্যন্ত টিকিট বিক্রি করছি।’এদিকে উৎসবে নতুন মাত্রা যোগ দিতে ভারতের দুটি দল এতে অংশ নিচ্ছে। পশ্চিমবঙ্গের হ য ব র ল ৩০ এপ্রিল মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথের দেড় শ বছর পূতি উপলক্ষে মঞ্চে আনা নাটক অবগুণ্ঠন। নাটকটি বাংলাদেশে উদ্বোধনী মঞ্চায়ন হবে। পরের দিন ১ মে ত্রিপুরার মহাকরণ বিনোদন সংস্থা পরিবেশন করবে রাজেন্দ্র ঢাকির গল্প নাটকটি।২৪ এপ্রিল উৎসবের প্রথম দিন উদ্বোধনী মঞ্চায়ন হয় নিজ দল পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের জলবালিকা নাটকটি। তার আগে ওই দিন বিকেলে নয়জন মুক্তিযোদ্ধার হাতের ছোঁয়ায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবটির উদ্বোধন হয়। ২৫ এপ্রিল প্রদর্শিত হয় থিয়েটারের মেরাজ ফকিরের মা। সুবচন নাট্য সংসদ রূপবতী পরিবেশন করে ২৬ এপ্রিল। উৎসব এক দিন বিরতি দিয়ে ২৮ এপ্রিল ঢাকা থিয়েটার পরিবেশন করে ধাবমান। আজ দেশনাটক মঞ্চস্থ করবে ইবসেনের ভক্ত।উৎসবের বিষয়ে সেলিম শামসুল হুদা চৌধুরী বলেন, ‘২০০২ সালে কচি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সারা জীবনই নাটকের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর প্রতি আমাদের ভালোবাসার কারণেই আমরা তাঁকে স্মরণ রেখে এমন একটি উৎসব করলাম।’ তিনি আরও বলেন, আমরা এখন থেকে প্রতি দুই বছর পরপর এই উৎসব করব। উৎসবের মাধ্যমে কচি সারা জীবন নাট্যকর্মী ও দর্শকের মাঝে বেঁচে থাকবেন।