উৎসব উপলক্ষে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের চলচ্চিত্রকার
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হলো একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। উত্সব উপলক্ষে এরই মধ্যে ঢাকায় আসছেন বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য চলচ্চিত্রকার। জানা গেছে, এরই মধ্যে অতিথিরা আসতে শুরু করেছেন। যাঁরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন তাঁদের মধ্যে আছেন ভারতের সাঈদ আখতার মীর্জা, আনোয়ার জামাল, আজিজ কোরেশি, দেবানিক কুন্ডু, গৌতম কুমার পাল, অতনু ঘোষ ও সুমিতা ভট্টাচার্য; যুক্তরাজ্যের পিটার ম্যালোনে; অস্ট্রেলিয়ার রবিন হুগ্যান ও স্টিভ ওয়ার্ন; চীনের লিয়াং বিবো ও শেন ঝেং; ইরানের মারজান আলিজাদে, আলিরেজা শাহরোখি, হোজাত জিজোদি, পাকিস্তানের আজিজ গুল প্রমুখ। এ ছাড়া দু-এক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি থেকে আসছেন আরও কয়েকজন বরেণ্য চলচ্চিত্রকার।