উৎসব থেকে 'মাটির প্রজার দেশে' প্রত্যাহার!

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রটি। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় উৎসবের প্রধান ভেন্যু জাতীয় জাদুঘরে প্রদর্শিত হওয়ার কথা ছিল চলচ্চিত্রটির। এই প্রদর্শনীর মাধ্যমে বেশ কিছু উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রটি প্রথমবারের মতো দেখতে পেতেন এ দেশের দর্শকেরা। কিন্তু আজ দুপুরে প্রত্যাহারের খবর জানান ছবিটির পরিচালক বিজন ইমতিয়াজ।
প্রত্যাহারের খবর জানিয়ে ছবিটির পরিচালক বিজন ইমতিয়াজ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘প্রিয় সিনেমাপ্রেমী বন্ধুরা, আমরা অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আমাদের সিনেমা ‘‘মাটির প্রজার দেশে’’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে প্রত্যাহার করে নিয়েছি এবং আজকে সন্ধ্যার জাতীয় জাদুঘরের প্রদর্শনীটি স্থগিত করেছি দুর্বল প্রজেকশন সিস্টেমের কারণে। যাঁরা আজকে সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা কাউকে যদি দাওয়াত দিয়ে থাকেন দয়া করে তাদেরও জানিয়ে দেবেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের কাছেও আমরা ক্ষমা প্রার্থী এই পরিস্থিতির জন্য।’
এ প্রসঙ্গে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের প্রদর্শন ব্যবস্থা তাঁদের পছন্দ হয়নি। তাই তাঁরা ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। আমরা ওই সময়ে নতুন ছবি প্রদর্শন করব।’
উল্লেখ্য, গতকাল থেকে শুরু হয়েছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব শেষ হবে ২০ জানুয়ারি।