উৎসব শেষ, থেকে যাবে রেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত উৎসবের শেষ দিনের শেষ শিল্পী ছিলেন পণ্ডিত উলহাস কাসালকর। রাত তখন সাড়ে তিনটা ছাড়িয়ে গেছে। ভোর হয়ে আসছে। শিল্পী জানতেন, একটু পর ভাঙবে মিলনমেলা। সম্ভবত বিষয়টি মাথায় রেখেই তিনি রাগ চয়ন করেছেন। রাগের নাম ‘মিয়া কি টোড়ি’। এটি রাতকে বিদায় দিয়ে দিনের আলোকে আহ্বান করে।উলহাস কাসালকর প্রচলিত কোনো ঘরানার শিল্পী নন। তিনি গোয়ালিয়র ও জয়পুর ঘরানার মিশ্রণ ঘটিয়ে নিজস্ব একটি ঘরানা তৈরি করেছেন। তাই নিজস্ব ঢঙেই তিনি কণ্ঠে ধারণ করলেন ‘মিয়া কি টোড়ি’। এটি মোগল রাজদরবারের সভা গায়ক মিয়া তানসেনের সৃষ্টি। শিল্পীর সঙ্গে তবলায় ছিলেন পণ্ডিত সুরেশ তালওয়ালকর এবং সারঙ্গী নিয়ে আল্লারাখা কলাবন্ত। খেয়ালটি শুরু করেছিলেন বিলম্বিত একতালের বন্দিশে, শেষ করেছিলেন দ্রুত তিনতালে। অথচ রাত সাড়ে তিনটার দিকে যখন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশিবাদন শেষ হয়, তখনো দর্শক-শ্রোতার কানে রাগ ‘হংসধ্বনি’ ও কীর্তনের রেশ। শঙ্কা হচ্ছিল, উলহাস কাসালকর আদৌ দর্শক বা শ্রোতা পাবেন কি না। কিন্তু তিনি যখন তাঁর গায়ন শেষে উঠে দাঁড়ালেন, তখন কয়েক হাজার দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে অভিনন্দিত করলেন। সঙ্গে সঙ্গে শেষ হয় ‘বেঙ্গল-আইটিসি এআরএ ক্লাসিক্যাল মিউজিক উৎসব ২০১২’।এর আগে রাত ১২টার পরে মঞ্চে উঠেছিলেন বেনারস ঘরানার দুই সহোদর খেয়ালিয়া পণ্ডিত রাজন মিশ্র ও পণ্ডিত সাজন মিশ্র। যুগল পরিবেশনায় দুই ভাই দর্শক-শ্রোতাদের ভালোই মজিয়েছেন। যেমনটা আগের রাতে মজিয়েছেন বেনারস ঘরানার আরেক শিল্পী গিরীজা দেবী। রাজন-সাজন শুরু করেছিলেন নায়কী কানাড়া রাগ দিয়ে। বিলম্বিত একতালে ও দ্রুত তিনতালে। তাঁদের সঙ্গে তবলায় সংগত করেছেন এককথায় জাঁদরেল তবলা বাজিয়ে পণ্ডিত কুমার বোস। আগের দিন যিনি একক তবলা বাদন পরিবেশন করে মুগ্ধ করেছিলেন। গতকাল দুই ভাইয়ের গায়নের ফাঁকে কুমার বোস তবলা ও বাঁয়ার ছোট্ট কারুকাজে কয়েক সেকেন্ডের জন্য দর্শক-শ্রোতাদের হূদয়ে কাঁপন ধরিয়ে রসিকতাও করেছিলেন। সেই কম্পনে উৎসবকেন্দ্রের মাটি এবং শেষে সোফা আর চেয়ারও কেঁপেছে। সব মিলিয়ে নায়কী কানাড়া ছিল ধোঁয়াদার পরিবেশনা। রাজন-সাজন মিশ্রের দ্বিতীয় পরিবেশনা ছিল দেশ রাগে। ছোট্ট বন্দিশ ‘সাজন বিনা নিরাশ হো’। কিন্তু তাতেও কি সমঝদারদের মন ভরে? উপস্থাপক কৌশিক শংকর দাশ দুই ভাইয়ের সময় শেষের ঘোষণা দিয়ে ফেললেন, কিন্তু রেহাই পেলেন না। দর্শকের অনুরোধে শেষ পর্যন্ত একটি ভৈরবী ভজনও গেয়ে শোনালেন। বেঙ্গল ফাউন্ডেশন-আইটিসি এসআরএ আয়োজিত এই উৎসব ঐতিহাসিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। সর্বশেষ ঢাকায় একটি বড় উৎসব হয়েছিল ১৯৯৬ সালে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় ভারতের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সেই উৎসবটির আয়োজন করেছিল ভারত সরকার। তারও আগে ১৯৭২ সালে ঢাকা স্টেডিয়ামে একই রকম আরেকটি উৎসবের আয়োজন করেছিলেন পণ্ডিত বারীন মজুমদার। এবারের উৎসবে দর্শক-উপস্থিতিও ছিল প্রত্যাশার বেশি। আইটিসি এসআরএর নির্বাহী পরিচালক রবি মাথুর ও শিল্পী আলারমেল ভাল্লী দর্শক উপস্থিতি দেখে তো রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। বাংলাদেশের শিল্পীদের জন্যও এই উৎসবটি ছিল তাৎপর্যপূর্ণ। শিল্পী ওস্তাদ শাহাদাৎ হোসেন খাঁ, এবাদুল হক, প্রিয়াংকা গোপ, আলিফ লায়লা ও মুর্তজা কবির এই উৎসবে অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। এসব শিল্পীর গায়ন ও বাদন শেষে খোদ ভারতের গুণী পণ্ডিত ও ওস্তাদদের প্রশংসা পেতে দেখা গেছে। এই উৎসবটি আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে প্রথম আলো। এ ছাড়া সহযোগিতা করেছে দ্য ডেইলি স্টার ও মাছরাঙা টেলিভিশন।চার দিনের উৎসব শেষ হয়ে গেলেও ওস্তাদ ও পণ্ডিতেরা তানকারী ও লয়কারীর যেসব নমুনা দেখিয়েছেন বা শুনিয়েছেন, তার রেশ থেকে যাবে বাংলাদেশের সংগীতরসিকদের কানে। শিল্পীরা যখনই এ দুটি বিষয় নিয়ে মুনশিয়ানা দেখিয়েছেন, তখনই এক অপার্থিব আনন্দে করতালি দিয়েছেন হাজার হাজার মানুষ। শিল্পীদের জাদুকরি কণ্ঠের গায়ন ও বাদনের মধুর রেশ মুছে যাওয়ার মতো নয়। বিশেষ করে গিরীজা দেবী, বিরজু মহারাজ, হরিপ্রসাদ চৌরাসিয়া, শিব কুমার শর্মা, রাজন-সাজন মিশ্র, অরুণা সাইরাম, অজয় চক্রবর্তী, শহীদ পারভেজ, মশকুর আলী খাঁ, আলারমেল ভাল্লী, রশিদ খাঁ, কুমার বোস ও কৌশিকী দেশিকানের মতো জগৎখ্যাত শিল্পীদের পরিবেশনা। সবশেষে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, উৎসব সফলভাবে শেষ হওয়ার যাবতীয় কৃতিত্ব দর্শক-শ্রোতাদের।