উৎসব শেষে বৃষ্টি নামল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আষাঢ়ের প্রথম দিনে বাংলা একাডেমিতে শিল্পীদের একটি পরিবেশনা l প্রথম আলো
আষাঢ়ের প্রথম দিনে বাংলা একাডেমিতে শিল্পীদের একটি পরিবেশনা l প্রথম আলো

বুধবার সকালে খানিকটা মেঘ জমেছিল আকাশে। তবে আভাস দিয়েও বৃষ্টি নামল না। বরং দেখা মিলল রোদের। এর মধ্যে বাংলা একাডেমির নজরুল মঞ্চে চলল উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষা উৎসব। সকাল ৭টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হলো উৎসব। তার আধ ঘণ্টা পরেই নগরীতে শুরু হলো ঝুম বৃষ্টি। এরপর সারা দিন মেঘমেদুর ছিল আষাঢ়স্য প্রথম দিবস। সার্থক হলো বর্ষা উৎসব।
সকালে উৎসব শুরু হয় যন্ত্রসংগীতশিল্পীদের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে। ঢোল, তবলা, দোতরা, বাঁশি প্রভৃতি যন্ত্রের সমন্বয়ে পরিবেশিত হয় ‘আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই’ গানটি। এরপর শুদ্ধ শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। তিনি ছাড়াও উৎসবের বিভিন্ন পর্যায়ে একক সংগীত পরিবেশন করেন বুলবুল ইসলাম, মহাদেব ঘোষ, অনিমা মুক্তি গোমেজ, বিমান বিশ্বাস প্রমুখ। আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, বেলায়েত হোসেন প্রমুখ। নৃত্য পরিবেশন করে নৃত্যম ও স্পন্দনের মতো নৃত্যদল। অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে আয়োজিত হয় বর্ষাকথন। এতে অংশ নেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী, সহসভাপতি শংকর সাঁওজাল এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। প্রকৃতি রক্ষার শপথ নেন বক্তারা। বর্ষার ঘোষণা পাঠ করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহসভাপতি নিবাস দে। উৎসবে অংশগ্রহণকারীদের পোশাক ও সাজসজ্জা ছিল বর্ষার সঙ্গে মানানসই।