কাল শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাড ক্লাব আয়োজন করেছে চতুর্থ অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যাল। উৎসবের উদ্বোধন হবে সকাল নয়টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। এই আয়োজন নিয়ে বললেন উৎসব কমিটির আহ্বায়ক সানাউল আরেফিন। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।‘অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যাল’ আপনারা কবে থেকে আয়োজন করছেন?অ্যাড ক্লাব থেকে আমরা ‘অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যাল’ আয়োজন করি। অ্যাড ক্লাব গঠন করা হয়েছে ২০০৪ সালে। এরপর বিচ্ছিন্নভাবে আমরা তিনবার এই উৎসব করেছি। তৃতীয়টি করেছি গত বছর। আশা করছি, এখন থেকে নিয়মিত প্রতিবছর এই উৎসব আয়োজন করতে পারব। এই উৎসবের আকর্ষণীয় দিক কোনটি?অবশ্যই সন্ধ্যার ‘গালা অ্যাওয়ার্ড নাইট’ আয়োজনটি। এই উৎসবে গত বছর থেকে আমরা মোট ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার দিচ্ছি। এবারও দেওয়া হবে। পুরস্কারের জন্য ইলেকট্রনিক, প্রিন্টিং ও আউটডোর মাধ্যমে সৃজনশীল দিকটিতে গুরুত্ব দিচ্ছি। এ ক্ষেত্রে গত বছর এ তিন মাধ্যমের জন্য তৈরি বিজ্ঞাপন ও বিজ্ঞাপনচিত্র বিবেচনা করা হচ্ছে। এবার সচেতনতামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমন করপোরেট প্রতিষ্ঠানকে দেওয়া হবে ‘সোশ্যাল করপোরেট রেসপনসিবিলিটি পুরস্কার’। পুরস্কার দেওয়ার পাশাপাশি থাকবে গানও। এ ছাড়া সারা দিনই বিজ্ঞাপনসংশ্লিষ্ট দেশি-বিদেশি বিশিষ্টজনেরা কিছু নির্দিষ্ট বিষয়ে কথা বলবেন।গত বছর তো আজীবন সম্মাননা দেওয়া হয়েছিল।এবারও দেওয়া হবে। এবার বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার এ পুরস্কার পাচ্ছেন আনোয়ার হোসেন বুলু, ইস্রারুল হক, শামসুল হুদা, ওয়াজির সাত্তার ও মাজহারুল ইসলাম।এই উৎসব নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?বিজ্ঞাপন জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের এমন অনেক দেশেই এ ধরনের জাতীয় উৎসব হয়নি। কিন্তু আমরা করছি। এই উৎসবকে আমরা আন্তর্জাতিক রূপ দেব। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।