গলি থেকে রাজপথ—সারা শহর মেতেছিল বিজয় দিবসের উৎসবে। বাঙালির বীরত্বগাথার অধ্যায় সেই বিজয় দিবসে রাজধানীজুড়ে ছিল অগণিত প্রাণের উচ্ছ্বাস। জনে জনে ছড়িয়েছিল প্রাণের স্পন্দন। দিনব্যাপী নানা আয়োজনে নৃত্য-গীত, কবিতা, কথামালা কিংবা সেলুলয়েডের পর্দায় প্রতিধ্বনিত হয়েছে বিজয়ের বন্দনা, উচ্ছ্বাস।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব
সকালে শোভাযাত্রা দিয়ে শুরু হওয়া আয়োজনটি বিকেল নাগাদ ছড়িয়ে পড়েছিল রাজধানীর চারপাশ। মঙ্গলবার রাজধানীর নয়টি প্রাঙ্গণে বসেছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের আয়োজন। আর বিজয় দিবসে ছুটির দিনে প্রতিটি অনুষ্ঠানেই ছিল অসংখ্য মানুষের অংশগ্রহণ।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা। শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল ‘যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে ধার্য/ গণহত্যাকারী সংগঠনের বিচার অনিবার্য’। শোভাযাত্রার উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ। শোভাযাত্রাপূর্ব বক্তৃতায় জোট নেতারা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে যুদ্ধাপরাধ সংগঠিত করার সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করে এ দেশে রাজনীতি থেকে বিতাড়িত করার দাবি জানান।
শোভাযাত্রায় ১৬টি দেশীয় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন জোটভুক্ত শতাধিক সংগঠনের কয়েক হাজার সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ। তাঁরা নানা রকম প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এবারের শোভাযাত্রায় মূল মোটিভ হিসেবে উপস্থাপিত হয় সদ্য প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকা মুক্তিযুদ্ধভিত্তিক একটি বিখ্যাত ছবি।
শিল্পকলায় তৃতীয় দিন
শিল্পকলা একাডেমী আয়োজিত ১৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার গতকাল ছিল তৃতীয় দিন। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। সমবেত নৃত্য পরিবেশন করে নন্দনকলা কেন্দ্র ও ধৃতি নর্তনালয়। দেশের বরেণ্য শিল্পীরা একক কণ্ঠে গান শোনান। কবিতা পাঠ করেন নির্মলেন্দু গুণ ও হাবীবুল্লাহ সিরাজী। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম ও মনজুরুর রহমান। সবশেষে ছিল অ্যাক্রোবেট ও জাদু প্রদর্শনী।
বাংলা একাডেমিতে আলোচনা ও গান
সকালে একাডেমির পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বাংলা একাডেমির কর্মসূচি। বিকেলে একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন শামসুজ্জামান খান। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক মশিউর রহমান এবং অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।