উৎসবমুখর বেঙ্গল আর্ট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের ছায়ায় মনোরম প্রাকৃতিক পরিবেশে ছবি আঁকায় মগ্ন হয়ে ছিলেন নবীন-প্রবীণ শিল্পীরা। ক্যানভাসে তাঁরা ফুটিয়ে তুলেছেন নানা দৃশ্য। ক্যানভাসে রং-তুলির আঁচড় দিতে দিতে গান ধরেছেন কেউ, ‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’। জগতের আনন্দময় পরিবেশের সঙ্গে নিজেদের ছবি আঁকার আনন্দ ভাগাভাগি করতেই যেন তাঁরা সমবেত হয়েছিলেন রাজধানীর অদূরে বেঙ্গল সেন্টারে।বেঙ্গল সাংস্কৃতিক উত্সব ও বেঙ্গল গ্যালারির দশম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী বেঙ্গল আর্ট ক্যাম্প। দুপুরে খিলক্ষেতের নিউ এয়ারপোর্ট রোডে অবস্থিত বেঙ্গল সেন্টারে এ আর্ট ক্যাম্প উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক শিল্পী যোগেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। আর্ট ক্যাম্পে ভারত থেকে যোগেন চৌধুরী, গণেশ হালুই, সুনীল দাস, রবীন মণ্ডল, লালুপ্রসাদ সাউ, জয়শ্রী চক্রবর্তী, দীপালি ভট্টাচার্য, আদিত্য বসাক, ননী বরপূজারী, ছত্রপতি দত্ত, তাপস কোনার, সমির আইচ, ব্রততী মুখার্জি, সমিন্দ্রনাথ মজুমদার প্রমুখ অংশ নেন। বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন মুস্তাফা মনোয়ার, আবু তাহের, হাশেম খান, সমরজিত্ রায়, হামিদুজ্জামান খান, বীরেন সোম, অলকেশ ঘোষ, আবদুস শাকুর, মুনসুর-উল-করিম, কাজী গিয়াস, ফরিদা জামান, কে এম কাইয়ুম, ঢালী আল মামুন, রোকেয়া সুলতানা, গৌতম চক্রবর্তী প্রমুখ।ছবি আঁকার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। গতকাল রাতে সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার, অদিতি মহসিন ও লাবিক কামাল। আজ শুক্রবার আর্ট ক্যাম্পের দ্বিতীয় দিনে মিতা হক, শামা রহমান, বুলবুল ইসলাম গান শোনাবেন। ক্যাম্প চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্সর্গীকৃত এ ক্যাম্প।চ্যানেল আইতে ‘প্রকৃতি ও জীবন’চ্যানেল আইতে শুরু হচ্ছে বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আগামী ১ আগস্ট থেকে প্রতি রোববার রাত সাড়ে ১১টায় প্রচার হবে এ অনুষ্ঠানটি।গতকাল তেজগাঁও চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন এবং প্রিমিয়ার শোর মাধ্যমে এ সম্পর্কিত নানা তথ্য তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পরিচালক মুকিত মজুমদার, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিবেশবিজ্ঞানী আনিসুজ্জামান খান, জলবায়ু বিশেষজ্ঞ আতিক এ রহমান। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সারা দেশ থেকে শিশুদের কাছে নিজেদের আঁকা ছবি আহ্বান করেছিল টঙ্গীর শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল। ৩০ জুন ছিল সেই ছবি জমা দেওয়ার সর্বশেষ তারিখ। জমা পড়েছিল প্রায় সাড়ে চার হাজার ছবি। অংশ নিয়েছিল বিভিন্ন জেলার দেড় হাজার শিশু আঁকিয়ে। সেখান থেকে বাছাই করে ২০০ জন প্রতিযোগীকে করা হয়েছে পুরস্কৃত। গতকাল বিকেলে শিশু একাডেমী মিলনায়তনে বিজয়ী শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। শুরু হয় তাদের ছবি নিয়ে ‘৬ষ্ঠ জাতীয় শিশু চিত্রকলা প্রতিযোগিতা ও প্রদর্শনী’। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আর্ট স্কুলের ছোট্ট শিশুরা ‘লাল টুকটুকে বউ যায় গো’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। অতিথি ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত ইঙ্গেবজর্গ স্টর্ফিং, বাংলাদেশ এন্টারপ্রাইজের সভাপতি ফারুক সোবহান। সভাপতিত্ব করেন জয়নুল আবেদিন আর্ট স্কুলের পরিচালক শংকর ধর। অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিনকে স্কুলের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। প্রদর্শনী চলছে শিশু একাডেমী জাদুঘর আর্ট গ্যালারির তৃতীয় তলায়। বৈচিত্র্যময় বিষয় তুলে এনেছে শিশু আঁকিয়েরা। আজ শেষ হবে প্রদর্শনী। খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত।