উৎসবমুখর চলচ্চিত্র অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গতকাল বর্ণিল বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় চলচ্চিত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন চলচ্চিত্র অঙ্গনের তারকা ও আমন্ত্রিত অতিথিরা l ছবি: প্রথম আলো
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গতকাল বর্ণিল বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় চলচ্চিত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন চলচ্চিত্র অঙ্গনের তারকা ও আমন্ত্রিত অতিথিরা l ছবি: প্রথম আলো

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) আঙিনায় গতকাল ছিল ভিন্ন সাজ। রাস্তার দুপাশে ধ্রুপদি চলচ্চিত্রের পোস্টার সাঁটানো। রংবেরঙের বেলুনসমেত টাঙানো ছিল বিভিন্ন ফেস্টুন। কোথাও লাগানো পুরোনো ছবির স্থিরচিত্র। গতকাল ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। ‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’ শিরোনামে দিবসটি উদ্‌যাপিত হলো দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।

সকাল থেকেই চলচ্চিত্র অঙ্গনের তারকারা ভিড় করতে থাকেন এফডিসিতে। সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, অঞ্জনা, অমিত হাসান, ওমর সানি এবং আরও চলচ্চিত্র কলাকুশলী। এরপর সবাই অংশ নেন শোভাযাত্রায়। এফডিসির অঙ্গনজুড়ে ছিল উৎসবের আমেজ। ছিল লালগালিচায় তারকাদের ঝলক। চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। বিকেলে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র নিয়ে একটি সেমিনার। সন্ধ্যায় ছিল চলচ্চিত্র ও সংগীত তারকাদের পরিবেশনায় গান ও নাচ। এ ছাড়া দিনব্যাপী ছিল চলচ্চিত্র তারকাদের সাক্ষাৎকার, প্রকাশনা অনুষ্ঠান, বায়োস্কোপ প্রদর্শনী, বিভিন্ন সময়ের ক্যামেরার প্রদর্শনী ইত্যাদি।

শিল্পকলা একাডেমিতে ছিল নানা আয়োজন। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী কবরী। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সৈয়দ সালাউদ্দিন জাকী। সভাপতিত্ব করেন মহাপরিচালক লিয়াকত আলী। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মসিহ্উদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, অনুপম হায়াত, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্রের গান শোনান জনপ্রিয় শিল্পীরা।

এর আগে ছিল চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন।