উৎসবমুখর ছায়ানট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ওয়াহিদুল হক মনে করতেন, দেশ-গাঁয়ের সংগীতসম্পদের প্রত্যক্ষ পরিচয় পেলে সংগীত বিষয়ে অসম্পূর্ণ ধারণার অধিকারী বাঙালি অর্জন করবে স্বকীয় সংস্কৃতির পূর্ণ জ্ঞান। প্রয়োজন নিজের গানের শিকড়ের সঙ্গে পরিচয়। দীর্ঘদিন ধরেই অনেক শিল্পী দেশ-গ্রাম ঘুরে ঘুরে ‘লোকগান’ সংগ্রহ করে নিজের মতো করে গাইছেন। পুরো গান আমরা পাই না, পাই অর্ধেকটা।
মূলত ওই আধাআধি ব্যাপারটা থেকে বেরিয়ে আসার প্রয়াসেই ১৪১৩ সন থেকে ছায়ানট আয়োজন করে আসছে ‘দেশ ঘরের গান’-এর। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব।
গতকাল শুক্রবার বিকেলে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে বসেছিল সমাপনী অনুষ্ঠান। শেষ দিন মালজোড়া গান ও রূপবান যাত্রাপালায় সত্যিকার অর্থে উৎসবমুখর হয়ে ওঠে ছায়ানট। এদিন মালজোড়া গান পরিবেশন করেন ময়মনসিংহের বাউল সুনীল কর্মকার ও বাউল সিরাজউদ্দীন খান পাঠান। সব ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতা ও অসাম্প্রদায়িকতার কথা বলে মালজোড়া গান। দুই পক্ষের শিল্পীর প্রশ্নোত্তর মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এ গানের আরেকটি বৈশিষ্ট্য। সিরাজউদ্দীন খান পাঠানের ‘দয়া করে নাও কোলে মা’ গান দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর সুনীল কর্মকার গেয়ে শোনান ‘কর পরশনে যেমন বেজে ওঠে প্রাণ’। ধর্মতত্ত্ব নিয়ে পরস্পরের তর্ক-জিজ্ঞাসা-প্রশ্নোত্তরে জমে ওঠে অনুষ্ঠান। মালজোড়া গান শেষে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার উপস্থাপনা। রূপবান যাত্রা পরিবেশন করে লক্ষ্মীপুরের কেয়া যাত্রা ইউনিটের মাসুম চৌধুরী ও তাঁর দল। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। এবারের আয়োজনের সহযোগিতা করে গ্রামীণফোন।

আলিয়ঁসে চিত্রকলা প্রদর্শনী

শুধু চলার বাহন নয়, রিকশার মাঝে নানা সময়ে শিল্পও স্থান পায়। রিকশার বিভিন্ন অংশে থাকে পর্দার তারকা থেকে শুরু করে জীবজন্তুসহ দেশ-বিদেশের নৈসর্গিক দৃশ্য। ২৫ বছরের বেশি সময় এই শিল্পের চর্চা করছেন নব কুমার ভদ্র। গতকাল থেকে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো এই শিল্পীর ‘বহুবর্ষী রিকশা’ শীর্ষক প্রদর্শনী। সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন।

নব কুমার ভদ্রের এবারের কাজে উঠে এসেছে হারিয়ে যাওয়া চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের নানা রকমের ভঙ্গি; বাংলার চিরচেনা বর্ণিল পাখি, খেঁকশিয়াল, হরিণ, বাঘ, সিংহ ইত্যাদি।

প্রদর্শনীর মোট চিত্রকর্ম ৮৩টি। ২৬ জুন পর্যন্ত চলবে প্রদর্শনী।