উৎসবমুখর পরিবেশে জাতীয় শিশু পুরস্কার বিতরণ
মিলনায়তনের ভেতরে, বাইরে, প্রাঙ্গণে—সর্বত্র শিশুদের দৌড়ঝাঁপ, আড্ডা ও উল্লাসধ্বনি। পুরো শিশু একাডেমীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সারা দেশ থেকে এ শিশুদের কেউ এসেছে মায়ের হাত ধরে, কেউ বাবার। কারও কারও সঙ্গে ছিলেন দুজনই। উপলক্ষ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজক বাংলাদেশ শিশু একাডেমী।এক মাস ধরে দেশব্যাপী বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালনায় দুটি বিভাগে নৃত্য, গান, অভিনয়, দৌড়, সাঁতারসহ মোট ৪৯টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেন প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলাম। সভাপতিত্ব করেন একাডেমীর চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার। স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ।প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম থেকে সপ্তম শ্রেণীর এবং ‘খ’ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হয় যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক।পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পুরস্কার বিজয়ীরা অংশ নেয়। দেশের গান বিষয়ের ‘ক’ বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী টাঙ্গাইলের প্রতিযোগী মৌমিতা বিশ্বাসের ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর লোকসংগীত পরিবেশন করে ফরিদপুরের প্রতিযোগী কানিজ মেহরাজ। সে লোকসংগীত বিষয়ে ‘খ’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে। ‘দামা দ্রিমি তাধিনী তাধিনী/ আসছে প্রলয় ভয়ংকর’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে দিনাজপুরের প্রতিযোগী আনিকা আনান। সে সাধারণ নৃত্যে ‘ক’ বিভাগ থেকে প্রথম পুরস্কার পেয়েছে। ‘বাঁশি বাজে, মন্দিরা বাজে’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে রাজশাহীর প্রতিযোগী ফারহানা রহমান। সে লোকনৃত্যে ‘খ’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে।