
শ্রেণিহীন শোষণমুক্ত এক সমাজ অনুসন্ধানে উত্তরাধিকার চট্টগ্রাম মঞ্চস্থ করল সাম্পান নাইয়া। জাতীয় নাট্যশালায় গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে গতকাল আমিনুর রহমানের রচনা ও মোসলেম উদ্দিন সিকদারের নির্দেশনায় উঠে এল দক্ষিণ চট্টগ্রামের উপকূলবর্তী জনগোষ্ঠীর যাপিত জীবন। সাম্পান নাইয়ার প্রধান চরিত্র নছর এমন এক বসতি নির্মাণের স্বপ্ন দেখে, যেখানে মানবিক মূল্যবোধগুলো ডানা মেলবে জীবনের স্বতঃস্ফূর্ততায়।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অসিত দাশ, মঈন উদ্দিন, জাহেদুল আলম, কঙ্কণ দাশ, সুমন বড়ুয়া, তাসনুভা তানজিল, বিটু ভৌমিক, মাহমুদ রাসেল, গুলশান আরা, জামাল উদ্দিন, পরিতোষ দাশ, জাহিদুল ইসলাম, সাব্বির আহম্মেদ, সুনয়ন দেবনাথ, অর্ণা দেব রায় প্রমুখ।
এদিন পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় ইনফরমার নাটকটি।
এর আগে বিকেল পাঁচটা থেকেই নাট্যশালার উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় নাচ, গান, আবৃত্তি ও পথনাটক প্রদর্শনী। পথনাটক আজব বাক্স পরিবেশন করে চন্দ্রকলা থিয়েটার। দলীয় সংগীত পরিবেশন করেন ক্রান্তি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন গৌরব বাগচী ও শ্রাবণী গুহ। দলীয় নৃত্য পরিবেশন করে ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র।