
শহরবাসী তত দিনে জেনে গেছে; এই শহরে একটি উৎসব শুরু হতে যাচ্ছে। দেয়ালগুলোতে সেই উৎসবের পোস্টার। সেসবের মেয়াদ ফুরানোর আগেই বেজে উঠেছিল ঢাক। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার বাইরেও ঠিকরে বের হয়ে আসছিল তার রঙিন আভা। এই তো সেদিনের কথা। এখনো সেই রং জ্বলজ্বল করছে।
সেদিন শুক্রবার। বিকেলে একটা গাড়ি থেকে ‘ফেলুদা’কে নামতে দেখলেন নাটকপাড়ার মানুষেরা। কোনো রহস্যের মোড়ক উন্মোচনে নয়, মঙ্গল দ্বীপ জ্বালাতে এসেছেন তিনি। উঠেছেন ঢাকা ক্লাবে। শনিবার চলে যেতে হবে বলে নাটকের স্বজনদের কারও বাসায় ওঠা হয়নি। বাংলাদেশের মানুষের আদরের অত্যাচার সহ্য করা সম্ভব নয় ৮০ বছরের এই তরুণের। এসব কথা তিনি জনসমক্ষেই বলেছেন। তিনি মনে করেন, খাওয়াতে ভালোবাসে এমন জাতি পৃথিবীতে আর নেই। সুতরাং এই জাতির কোনো প্রতিনিধির বাসায় উঠলে লাভ নেই। বয়সের কারণে খাওয়াদাওয়া কমিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। এই ফেলুদার আসল নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয় যাঁর মজ্জায় মিশে আছে, আর যিনি আবৃত্তি করলে এখনো মোহাবিষ্ট হয়ে পড়েন তরুণেরা। এই সৌমিত্র উৎসবে মঙ্গল দ্বীপ জ্বেলেছেন। ছুঁইয়েছেন আগুনের পরশ। উৎসব মঙ্গলময় হয়েছে।
গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের সেদিনের উদ্বোধনী মঞ্চটি ছিল ছাড়িগঙ্গা নামের একটি নাটকের। মঞ্চে প্রধান অতিথি, বিশেষ অতিথিদের কথা বলা শেষ হলে শুরু হয় নাটক। সেখানেও ‘জ্ঞানেন্দ্র’ চরিত্রে উপস্থিত সৌমিত্র। সেই উপস্থিতি উৎসবকে অন্য মাত্রা দিয়েছে। আর প্রথমবারের মতো এই কিংবদন্তিকে চোখের দেখা দেখেছেন যাঁরা, তাঁদের হৃদয়ে তো আবেগের ঘনঘটা। বাংলাদেশের আরেক কিংবদন্তি ফেরদৌসী মজুমদার পর্যন্ত সেই আবেগ ঢাকতে পারেননি। মঞ্চে দাঁড়িয়ে শুভেচ্ছা বক্তব্যের মধ্যেই বলে দিয়েছেন সব। প্রিয় নায়ককে সামনে থেকে দেখলে যেমনটা হয় একজন কিশোরীর, সেই আবেগের সঙ্গে মিলে যায় অনেকটা।
উৎসব চলবে শনিবার পর্যন্ত। আজ নাট্যশালার মূলমঞ্চে দেখানো হবে পদাতিক নাট্য সংসদ টিএসসির নাটক ম্যাকবেথ। পাশাপাশি একই সময়ে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে থাকবে ফেরদৌসী মজুমদারের একক অভিনয়ের নাটক কোকিলারা। বাংলার নাটকের ইতিহাসে ইতিমধ্যে পোক্ত আসন করে নিয়েছে এই নাটকটি। নানা কাজের চাপে পড়ে যাঁরা এখনো নাটকটি দেখেননি, তাঁদের জন্য সমবেদনা।
সৌমিত্র আবার আসবেন। আগেও এসেছেন। এই দেশ তিনি ভালোবাসেন। ভারত-বাংলাদেশের ভাষা সংস্কৃতির ঐক্য থেকে এই উৎসব। আর এই উৎসব থেকে যাতে দুই দেশই উপকৃত হয় সে ব্যাপারেও আশাবাদী ছিলেন তিনি।