উৎসবে যাবে 'অনুপ্রবেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপ্রবেশ ছবির দৃশ্যে সানজিয়া ইসলাম ও সায়েম সোহেল
অনুপ্রবেশ ছবির দৃশ্যে সানজিয়া ইসলাম ও সায়েম সোহেল

বৈজ্ঞানিক কল্পকাহিনির সঙ্গে দর্শন মিশিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘অনুপ্রবেশ’। তাতে কাজ করেছেন দুই বাংলার অভিনেতা-কলাকুশলীরা। শিগগির দেশে ও দেশের বাইরের উৎসবে যোগ দেবে অদ্বয় দত্তের প্রথম ছবি অনুপ্রবেশ।
সম্প্রতি হয়ে গেল ছবিটির ঘরোয়া উদ্বোধনী প্রদর্শনী। গত মঙ্গল সন্ধ্যা ও বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি মিলনায়তনে এ প্রদর্শনীতে ছবিটি দেখেন বিভিন্ন অঙ্গনের বেশ কয়েকজন সুধীজন। পরিচালক অদ্বয় দত্ত জানান, বিদেশের উৎসবে জমা দেওয়ার আগে দেশে দেখানোর সীমিত পরিসরে প্রদর্শনীর প্রয়াস এটি। তিনি বলেন, ‘এটি কাহিনিপ্রধান কোনো চলচ্চিত্র নয়। ছবিতে পেঁয়াজের খোসার মতো নানা স্তরে রাখা আছে রহস্যের ধূম্রজাল। ‘অনুপ্রবেশ’ আমার প্রথম উপন্যাস। একটি ম্যাগাজিনের ঈদ সংখ্যায় প্রথম ছাপা হয়। পরের বছর ২০১৫ সালে প্রকাশিত হয় বই আকারে। প্রচ্ছদ আঁকার আগে ধ্রুব এষ পাণ্ডুলিপিটি পড়েন এবং তাঁর উচ্ছ্বাস-অনুভূতির কথা আমাকে জানান। তখনই আমার মাথায় আসে ছবি নির্মাণের ভাবনা।’

সৌমিত্রকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক
সৌমিত্রকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক

ছবির গল্পে রহস্যময় এক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় অরিষ্ট নামের এক যুবক। সঙ্গে ছিল তার প্রেমিকা অবন্তী। পরে অরিষ্ট নিজেকে আবিষ্কার করে এক অপ্রাকৃত, ঐন্দ্রজালিক জগতে। সেই জগৎ ঘিরেই ছবির কাহিনি। প্রেমিকা অবন্তীর মতোই এক রহস্যময়ী সেই জগতে অরিষ্টের সঙ্গী হয়ে নানা অভিজ্ঞতার মধ্যে ভ্রমণ করায় তাঁকে। জাদুবাস্তবতা, বৈজ্ঞানিক কল্পকাহিনির সঙ্গে এতে জড়িয়ে আছে দর্শনগত চিন্তার খোরাক।
গত বছরের মে মাসে শুরু করার পর ছবিটি শেষ হয় চলতি বছরের সেপ্টেম্বরে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শক্তিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, বাংলাদেশের পীযূষ বন্দ্যোপাধ্যায়, আলতাফ হোসেন, অলিউল হক, সায়েম সোহেল, সানজিয়া ইসলাম, কাজী তমাল, হাসান ইমাম প্রমুখ। দুটো রবীন্দ্রসংগীতের সংগীতায়োজন করেছেন কলকাতার সুরকার সৌম্য বসু। কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর ও শুভমিতা। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন অদ্বয় দত্ত। বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ, ফরিদপুরের কোমরপুর, সাভার, ঢাকা ও কলকাতায় ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। পরিচালক জানিয়েছেন আসছে বছর আনুষ্ঠানিকভাবে ছবিটি মুক্তি দেওয়া হবে।