উৎসবে রাজা ও জ্যোতিসংহিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহ্যিক রূপ আর অন্তরের সৌন্দর্য—এই দুইয়ের টানাপোড়েন। তার ভেতর দিয়েই অন্তরের আনন্দরসের উপলব্ধি। এই নিয়েই কবিগুরুর নাটক রাজা...এবং অন্যান্য। গতকাল রোববার মঞ্চস্থ হলো সেলিম আল দীন উৎসবে, শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে।নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসব শুরু হয়েছে গত শনিবার। এবারের উৎসবে সংযোজিত হয়েছে উয়ারী-বটেশ্বরের প্রত্নখননের নিদর্শন। নাট্যামোদী দর্শকেরা নাটক দেখতে এসে প্রাচীন নিদর্শন দেখার সুযোগ পাচ্ছেন। সেলিম আল দীন ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমী, ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। উদ্বোধনী দিনের মতো গতকালও প্রচুর দর্শক সমাগম ঘটেছিল উৎসবে।গতকাল দুটি নাটক মঞ্চস্থ হয়েছে। পরীক্ষণ থিয়েটারে প্রাচ্যনাট মঞ্চস্থ করে আজাদ আবুল কালামের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রাজা...এবং অন্যান্য। এই নাটকে সুদর্শনা রাজাকে খুঁজেছিল বাইরে। যেখানে বস্তুকে চোখে দেখা যায়, হাতে ছোঁয়া যায়। বুদ্ধির জোরে সে ভেবেছিল বাইরেই জীবনের সার্থকতা লাভ করবে। তার সঙ্গিনী সুরঞ্জনা তাকে বলেছিল, অন্তরে নিভৃত কক্ষে যেখানে প্রভু স্বয়ং এসে আহ্বান করেন, সেখানে তাকে চিনে নিতে। তাহলেই বাইরে, সর্বত্র তাকে চিনতে ভুল হবে না। সুদর্শনা সে পরামর্শ মানেনি। সে সুবর্ণের বাহ্যিক রূপ দেখে তার কাছে মনে মনে আত্মসমর্পণ করে। তখন কেমন করে তার চারদিকে আগুন লাগল, সেই অগ্নিদাহের ভেতর দিয়ে কেমন করে আপন রাজার সঙ্গে তার পরিচয় হলো, কেমন করে দুঃখের আঘাতে তার অভিমান ক্ষয় হলো এবং অবশেষে কেমন করে আপন অন্তরের আনন্দরসের উপলব্ধি হলো—এই নিয়েই এগিয়ে যায় নাটক। অভিনয় করেন আফসানা মিমি, রুবাইয়া মঞ্জুর, তপন মজুমদার, সানজিদা আনোয়ার, আজাদ আবুল কালাম প্রমুখ।দ্বিতীয় নাটকটি মঞ্চস্থ হয়েছে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মঞ্চস্থ করে ভাটিবাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক নাটক জ্যোতিসংহিতা। রুমা মোদক রচিত ও সুদীপ চক্রবর্তী নির্দেশিত এই নাটকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভাটি অঞ্চলের জীবনযাত্রার নানা অনুষঙ্গও উঠে এসেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রুমা মোদক, অনিরুদ্ধ কুমার ধর, ইকবাল চৌধুরী, সনজিত সিনহা, রিংকু দেব, সৌরভ দেব, সুবীর দাস, ফুল মিয়াসহ আরও অনেকে। ‘বেগুনবাড়ি: জীবন, শিল্প, প্রক্রিয়া’: তেজগাঁও শিল্প এলাকার বেগুনবাড়িতে এক ব্যতিক্রমী স্থাপনা শিল্পকর্মের প্রদর্শনী হলো গতকাল। ভাস্কর লালারুখ সেলিম, তৌফিকুর রহমান, নাসিমা হক ও নাসিমুল খবির বেগুনবাড়ির পরিবেশের সঙ্গে সমন্বয় করে ‘বেগুনবাড়ি: জীবন, শিল্প, প্রক্রিয়া’ শীর্ষক একটি স্থাপনাকর্ম করেন ওই এলাকার সানোয়ার ট্রেডার্স নামের একটি স মিলের অভ্যন্তরে। সেখানকার পরিবেশের মধ্যেই নানা উপকরণের মিশেল দিয়ে উপস্থাপন করেছেন তাদের স্থাপনাশিল্প। গতকাল রোববার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এই প্রদর্শনীর আয়োজন করা হয়।ওয়াশিংটনে সুমনা হকের একক প্রদর্শনীযুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সিটির বাংলাদেশ দূতাবাসে চলছে শিল্পী সুমনা হকের সপ্তাহব্যাপী একক শিল্পকর্ম প্রদর্শনী। ২৪ আগস্ট সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত একরামুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলিসা আইরেস ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কলারসিক দর্শকেরা। ‘মনের রঙে নিবিড় খেলা’ নামের এই চিত্র প্রদর্শনী চলছে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে। চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এবারের চিত্র প্রদর্শনীতে মোট ৩৪টি ছবি স্থান পেয়েছে। গত বছরের শেষের দিকে বেঙ্গল গ্যালারিতে হয়েছে সুমনা হকের চতুর্থ একক চিত্র প্রদর্শনী ‘মনের আকাশে রঙধনু’। এর আগে জাপানের টোকিওতে তাঁর একক চিত্র প্রদর্শনী হয়। সুমনা হক কণ্ঠশিল্পী হিসেবে সমাদৃত। ‘তুমি রবে নীরবে’ নামে তাঁর গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে বেঙ্গল ফাউন্ডেশন থেকে। সুমনা হক দেশে-বিদেশে প্রায় ৩০টি দলীয় চিত্র প্রদর্শনীতেও অংশ নিয়েছেন।