উৎসবে সবার আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাথরিন মাসুদ l ছবি: প্রথম আলো
ক্যাথরিন মাসুদ l ছবি: প্রথম আলো

প্রয়াত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের জন্মদিন ছিল ৬ ডিসেম্বর। এ উপলক্ষে ১২ ও ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয়েছে ‘তারেক মাসুদ উৎসব ২০১৪’। আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। উৎসব নিয়ে বললেন সংগঠনটির চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ
এবার ‘তারেক মাসুদ উৎসব’ কয় দিন হচ্ছে?|
দুই দিন।
উৎসবে কী কী থাকছে?
উৎসবের প্রথম দিন থাকছে তারেক মাসুদের গানের অনুষ্ঠান, রানওয়ে ছবি নির্মাণের পেছনের গল্প নিয়ে তৈরি তথ্যচিত্র রানওয়ের স্মৃতিকথার প্রদর্শনী ও ডিভিডির মোড়ক উন্মোচন, তারেক মাসুদের চলচ্চিত্র আদম সুরত-এর ডিভিডির প্রকাশনা। তারেক মাসুদ একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন, নাম ‘কানার হাটবাজার’। দ্বিতীয় দিন এই মিউজিক ভিডিওটির প্রদর্শনী হবে। থাকছে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা’। আমরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করেছি। এই প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি সেরা ১০টি চলচ্চিত্র দেখানো হবে। সঙ্গে থাকছে তারেক মাসুদের গান।

স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় এবার কী ধরনের ছবি আহ্বান করেছিলেন?
‘তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’র বিষয় ছিল ‘আমার মুক্তি, আমার যুদ্ধ’। তারেক তো নতুন প্রজন্মকে সব সময় নানাভাবে উৎসাহ দিতেন। তাই গত বছর থেকে আমরা ‘তারেক মাসুদ ইয়াং ফিল্মমেকার’ চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করছি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যৎ প্রজন্মের চলচ্চিত্রনির্মাতাদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ কিছুটা হলেও অনুপ্রাণিত করবে। এবার আমরা অনেকগুলো ছবি পেয়েছি। তার মধ্য থেকে তিনটি ছবিকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।
‘স্মৃতিকথায় রানওয়ে’ তথ্যচিত্র নিয়ে বলুন।
রানওয়ে ছবিটি তৈরি করতে দুই বছর লেগেছিল, ২০০৮ ও ২০০৯ সাল। তারেক আর তাঁর বন্ধু চিত্রগ্রাহক মিশুক মুনীরের শেষ কাজ এটি। ছবির শুটিংয়ের সময়ের নানা কিছু আছে এই তথ্যচিত্রে। মানে পেছনের গল্প। আছে ছবির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের সাক্ষাৎকার। অ্যালবামটি প্রকাশ করছে লেজার ভিশন।
‘কানার হাটবাজার’ গানটির মিউজিক ভিডিও তারেক মাসুদ কবে তৈরি করেছিলেন?
২০০৭ সালে। তারেক আর মিশুক কাজ করেছিলেন। সঙ্গে আমিও ছিলাম। লালনের এই গানটি গেয়েছিল আনুশেহ আর তাঁর বাংলা ব্যান্ড। শুটিং হয়েছিল মেঘনা নদীতে, এক নৌকায়।
‘আদম সুরত’ তো তারেক মাসুদের প্রথম চলচ্চিত্র।
হ্যাঁ, চিত্রশিল্পী এস এম সুলতানের ওপর তৈরি হয়েছিল তথ্যচিত্রটি। শেষ করতে সময় লেগেছিল সাত বছর। বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় এবার তৈরি হলো আদম সুরত তথ্যচিত্রের দুই ডিস্কের অ্যালবাম। এটি শুধু ডিভিডি নয়, শিল্পী এস এম সুলতানের ওপর একটি সমৃদ্ধ দলিল। তথ্যচিত্র ছাড়াও এতে আছে এস এম সুলতানের সাক্ষাৎকার, তাঁর স্থিরচিত্র, চিত্রকর্ম এবং গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র।
‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা’র বক্তা কে?
সাজ্জাদ শরিফ। তাঁর বক্তৃতার বিষয় ‘তারেক মাসুদের চলচ্চিত্র: বাঙালি জাতীয়তার নতুন মানচিত্র’।
তারেক মাসুদের ‘মুক্তির গান’ কিংবা ‘মুক্তির কথা’ নিয়ে কিছু ভেবেছেন?
‘তারেক মাসুদ উৎসব’ হবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। ভাবছি সন্ধ্যার পর মিলনায়তনের বাইরে এই দুটি ছবির প্রদর্শনীর ব্যবস্থা করব।
সব কটি আয়োজন কি উন্মুক্ত?
হ্যাঁ, যাঁরা তারেক মাসুদকে ভালোবাসেন, তাঁর কাজ পছন্দ করেন কিংবা তাঁকে জানতে চান; আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাল শুক্রবার ও শনিবার অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়।