
মুক্তিযুদ্ধের সময় এক রাতে একটি গ্রামের নারী-পুরুষেরা এসেছেন মাতবরের কাছে। তাঁদের চোখে-মুখে উৎকণ্ঠা। গত রাতেও পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন মাতবরের সঙ্গে দেখা করেছেন জানিয়ে সবাইকে আশ্বাস দিচ্ছেন তিনি। পাকিস্তানি বাহিনীর ওপর ভরসা রাখতে বলছেন উপস্থিত লোকজনকে। গ্রামবাসী সহজে আশ্বস্ত হতে পারেন না। এভাবে নানা ঘটনার ঘনঘটায় এগিয়ে যায় নাটকের কাহিনি।
গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের পঞ্চম রজনীতে থিয়েটার (বেইলি রোড) গতকাল জাতীয় নাট্যশালায় পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মঞ্চস্থ করে। এবারের উৎসবটি যাঁকে উৎসর্গ করা হয়েছে, সেই সৈয়দ শামসুল হকের লেখা কালজয়ী নাটক এটি। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা নাটকটি শুধু গল্পের জন্য নয়, এর চমৎকার সংলাপ আর কাব্যিক উপমার জন্য দর্শকের বিশেষ আগ্রহ থাকে। গতকালও ছিল তাই।
উৎসবের পঞ্চম দিনের আয়োজনটি শুরু হয় উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান দিয়ে। এখানে গতকাল পথনাটক মঞ্চস্থ করে অপেরা। দলীয় সংগীত পরিবেশনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র, চারুকণ্ঠ। নৃত্য পরিবেশন করে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র। একক গান শোনান বিমান চন্দ্র বিশ্বাস, সুরাইয়া পারভীন।
একই সময়ে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে দৃষ্টিপাত নাট্য সংসদের নাটক কয়লা রঙের চাদর পরিবেশিত হয়।
স্টুডিও থিয়েটার মিলনায়তনে কক্সবাজার থিয়েটার পরিবেশন করে নাটক টু ইডিয়টস।
নাসিরনগর ও সরাইলে জাতীয় সংগীত প্রশিক্ষণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধ বাণী ও সুরে জাতীয় সংগীত গাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গতকাল মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখা এ প্রশিক্ষণের আয়োজন করে। সোমবার একই আয়োজন ছিল সরাইলে।
উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সাতটি প্রাথমিক বিদ্যালয়, ১৯টি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি দাখিল মাদ্রাসা ও দুটি কলেজের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রশিক্ষক আমিনুল হক ও প্রতীক এন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় আমিনুল হক বলেন, জাতীয় সংগীত গাওয়ার সময় ‘আমার’-এর ‘আ’তে দুই মাত্রা, ‘সোনার’-এর ‘না’তে দুই মাত্রা গাওয়া হয়। প্রকৃত অর্থে এ দুটি এক মাত্রায় গাইতে হবে। ‘তোমায়’ উচ্চারণ করতে গিয়ে কখনো ‘তোমাই’ কখনো ‘তুমায়’ উচ্চারণ করা হয়। এমন অনেক ভুল হয় যা কাম্য নয়। ২০১৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দেশব্যাপী এ ধরনের আয়োজন চালিয়ে যাচ্ছে।