উৎসবে 'চলচ্চিত্রে নারী' বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ উত্সবের দ্বিতীয় দিনে আজ শুক্রবার শুরু হয়েছে ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক তৃতীয় ঢাকা আন্তর্জাতিক সম্মেলন। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন, আমেরিকান কালচারাল সেন্টার, বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সসহ মোট ৬টি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে উত্সবের চলচ্চিত্রগুলো। বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এবারের উত্সবে।
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। উদ্বোধন করে তিনি বলেন, ‘এ আয়োজনে অসংখ্য মেয়েদের দেখে আমি উল্লসিত। চলচ্চিত্রে নারীদের দেখানোর বিষয়বস্তুর উন্নয়ন করতে হবে।’
সম্মেলনে তুর্কি চলচ্চিত্র সমালোচক অ্যালিন তাসকিন বলেন, এখানে এত নারী চলচ্চিত্র নির্মাতা ও কর্মী দেখে আমি আপ্লুত। সত্যিই পৃথিবীতে নারীর পদাঙ্ক এখন পুরুষের সমান। নারীরা বিশ্ব পরিবর্তনে এখন পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে যাবে।
সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার বিভাগের সহকারী অধ্যাপক উম্মে বুশরা সুলতানা, সহযোগী অধ্যাপক সৈয়দ শেখ ইমতিয়াজ, ইতিহাস বিভাগের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান প্রমুখ।
কাল শনিবার সম্মেলনের শেষ দিনে উপস্থিত থাকবেন ব্রিটেনের চলচ্চিত্র অভিনেত্রী ক্লোয়ার হুইসেল, ফাহমিদা ইয়াসমিন, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মহুয়া চক্রবর্তী, চলচ্চিত্র সমালোচক ফাহমিদুল হক প্রমুখ।
২০ জানুয়ারি শেষ হবে এ উত্সব।