
দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের গতকাল ছিল চতুর্থ দিন। সকালে কর্মশালা দিয়ে শুরু হওয়া চতুর্থ দিনটা বেশ ব্যস্ততার সঙ্গে কাটিয়েছে খুদে চলচ্চিত্রপ্রেমীরা।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা। কর্মশালায় অংশগ্রহণ করেন খুদে নির্মাতারা।
বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জলবায়ু পরিবর্তন বিষয়ে ছিল সেমিনার।
গতকাল বিকেলে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে আড্ডায় অংশগ্রহণ করে খুদে নির্মাতারা। এদিন উৎসবে দীপু নাম্বার টু চলচ্চিত্রের ২০ বছর পূর্তি উদ্যাপিত হয়। এ উপলক্ষে জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হয় চলচ্চিত্রটি। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও ‘চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম।