উৎসবে 'রূপচান সুন্দরী পালা' ও 'চন্দ্রাবতী কথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজলিশপুর গ্রামের তরুণ যুবক সোজনের প্রেমে বিভোর গ্রামীণ সুন্দরী যুবতী রূপচান। শেষ পরিণতি তাদের বিয়ে হওয়ার পর ফুলশয্যার রাতেই বিষপানে মারা যায় স্বামী সোজন। এমন প্রেমকাহিনি নিয়ে লেখা রূপচান সুন্দরী পালা গতকাল মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে।

‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগান ধারণ করে একাডেমির জাতীয় নাট্যশালায় চলছে সেলিম আল দীন উৎসব। নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মদিনকে উপলক্ষ করে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও সেলিম আল দীন ফাউন্ডেশনের সহযোগিতায় যৌথভাবে ছয় দিনের এ উৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

গতকাল ছিল উৎসবের তৃতীয় দিন। এদিন জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ছিল নাটক চন্দ্রাবতী কথা। চন্দ্রাবতীর বিয়োগান্ত জীবনচরিত নিয়ে নাটকটি মঞ্চস্থ করে কুষ্টিয়ার বোধন থিয়েটার। নাটকটির রচয়িতা আসলাম আলী ও নির্দেশক শামীম সাগর। এর আগে ছিল সেলিম আল দীনের গান ও রচনা নিয়ে ৩০ মিনিটের আলেখ্যানুষ্ঠান।

আজ সোমবার চতুর্থ দিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের লেখা, নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত নাটক নিমজ্জন।

শেষ দিন সেলিম আল দীনের ‘হরগজ’

১৯৮৯ সালে মানিকগঞ্জ জেলার হরগজ নামক স্থানে ঘটে যাওয়া প্রলয়ংকরী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২-এ সেলিম আল দীন হরগজ নাটকটি লেখেন। সে ঝড়ের পরে প্রথম উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগৎ থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। নাট্যকার ত্রাণদলের প্রধান চরিত্রের মাধ্যমে এক নব্যকালের যিশুখ্রিষ্টকে সৃষ্টি করেছেন যে ত্রাণকর্তারূপে আবির্ভূত হয়ে শেষে নিজেই আর্তে পরিণত হয়। প্রকৃতপক্ষে হরগজকে ভেঙে যাওয়া সমগ্র বিশ্বের রূপক ধরে এ নাট্যের মধ্য দিয়ে নাট্যকার সবাইকে যেন অধিকতর মানবিক হওয়ার আহ্বান জানান।

‘রবীন্দ্রনাথ-সেলিম আল দীন রয় ঐতিহ্যের ধারায়, বাঙলা নাট্যের জয়যাত্রা কভু না হারায়’ স্লোগান ধারণ করে স্বপ্নদল আয়োজিত তিন দিনের উৎসব সমাপ্ত হয়েছে গতকাল রোববার। একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে স্বপ্নদল পরিবেশন করে নাটক হরগজ। নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি হরগজ-এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ উৎসবের সমাপ্তি ঘোষণা করেন নাট্যজন ইনামুল হক।

উত্সবে স্বপ্নদলের হরগজ ছাড়াও ছিল চিত্রাঙ্গদা ও হেলেন কেলার নাট্য প্রযোজনার মঞ্চায়ন, বিশেষ বক্তৃতানুষ্ঠান, আলোচনা, সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতি এবং নাট্য মুখোশ দিয়ে শিল্পকলার চত্বরসজ্জা ইত্যাদি। উৎসবে মঞ্চায়িত তিনটি প্রযোজনাই ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন উদ্ভাবিত আধুনিক ‘বাঙলা নাট্যরীতে’তে নির্মিত হয়েছে।

‘জাগো জাগো, চলো মঙ্গল পথে’

গতকাল গান কথামালা আর শ্রুতিনাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে স্মরণ করা হলো রবিঠাকুরকে। বিশ্বকবির ৭৬তম প্রয়াণ দিবস উপলক্ষে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে রবীন্দ্র একাডেমি। ‘জাগো জাগো, চলো মঙ্গল পথে’ শীর্ষক এ আয়োজনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)।

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শুরু হয় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। রবীন্দ্র একাডেমির সভাপতি কবি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্র চেয়ার’ অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়। এর আগে স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বুলবুল মহলানবীশ।

দুই পর্বে সাজানো অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। ছিল গান, কবিতা আর শ্রুতিনাটকের বিচিত্র পরিবেশনা।