বৃষ্টির কারণে আগের রাতের শীত শীত দমকা হাওয়াটা নেই। তাতে কী? মধ্যরাত পর্যন্ত গানে-আনন্দে কাটিয়ে দেওয়ার আশায় আগন্তুকেরা গরম কাপড় নিয়ে ঠিকই হাজির হলেন অনুষ্ঠানস্থলে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ঘণ্টা খানেক আগের নিঃশব্দ ভেঙে শত শত মানুষ সার বেঁধে ঢুকছেন কমপ্লেক্সে। যাঁদের জন্য এ আয়োজন, তাঁদের উপস্থিতিতে মুহূর্তেই যেন প্রাণ পায় পুরো প্রাঙ্গণ। সিলেট নগরের মাছিমপুরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স তখন মানুষের পদচারণে মুখর। ঘড়ির কাঁটা তখন বিকেল চারটায়।
এত মানুষের উপস্থিতির উপলক্ষ ১০ দিনব্যাপী মানবিক সাধনায় বেঙ্গল সংস্কৃতি উৎসব। গতকাল বুধবার ছিল উৎসবের প্রথম দিন। দেশ-বিদেশের ৩৮৩ জন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রকর, নাট্যকুশলী ও লেখক উৎসবে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের সংখ্যার বিচারে এত বড় আয়োজন এর আগে দেশের কোথাও হয়নি বলে আয়োজকেরা জানিয়েছেন। তাই উদ্বোধনী দিনেই ছিল উপচে পড়া ভিড়।
উৎসবটি উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস আবদুর রাজ্জাককে। ইনডেক্স গ্রুপ নিবেদিত এ উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। সহযোগিতায় রয়েছে ঢাকা ব্যাংক। কয়েকটি মঞ্চে এ অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠান হবে সৈয়দ মুজতবা আলী ও হাসন রাজা মঞ্চে। এ ছাড়া প্রথম দিন থেকেই শাহ আবদুল করিম চত্বরে সিলেট অঞ্চলের লোকগানের ইতিহাস নিয়ে প্রদর্শনী; গুরুসদয় দত্ত চত্বরে কারুমেলা ও বেঙ্গল প্যাভিলিয়ন এবং কুশিয়ারা কলোনেডে স্থাপত্য প্রদর্শনী শুরু হয়েছে। রাধারমণ দত্ত বেদিতে অনুষ্ঠিত হবে সুবীর চৌধুরী আর্ট ক্যাম্প। রয়েছে প্রথমা ও বেঙ্গল পাবলিকেশনসের বই নিয়ে বইমেলা। ভবিষ্যৎ সিলেট শহরের ভাবনা-চিত্র নিয়ে প্রদর্শিত হয়েছে ‘আগামীর সিলেট’ শীর্ষক একটি ডিজিটাল ডিসপ্লে।
গতকাল বেলা চারটায় সৈয়দ মুজতবা আলী মঞ্চে বর্ন টুগেদার, টেলিভিশন ও গেরিলা চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে প্রথম দিনের উৎসব শুরু হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাসন রাজা মঞ্চে মণিপুরী নাচের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশের নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও তাঁর দল একগুচ্ছ নাচ উপহার দেয়। এরপর দেশের গান পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেটের শিল্পীরা।
নাচগানের পর রাত আটটায় শুরু হয় উদ্বোধনী পর্ব। এ পর্বে উদ্বোধকের বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আমরা যাতে প্রকৃত মানুষ হিসেবে বাঁচতে পারি, এ জন্য রুচির বিকাশের প্রয়োজন আছে। খাওয়া-পরা জীবনে একমাত্র উদ্দেশ্য নয়, সেটা জীবনকে সফল করে না। জীবনকে সফল করার জন্য বিনোদনের প্রয়োজন আছে, রুচির প্রয়োজন আছে। সেই কাজ করছে বেঙ্গল ফাউন্ডেশন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকিয়া তাজীন এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। সূচনা বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। ধন্যবাদ জ্ঞাপন করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে মোমেন। বক্তৃতায় আসাদুজ্জামান নূর বলেন, ‘সংস্কৃতিচর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে আসতে হবে। নতুবা এ দেশ থেকে জঙ্গিবাদ তাড়ানো যাবে না। আমরা মুখে মুখে ভাষাপ্রেমের কথা বলি, কিন্তু বাস্তবে সেটা মানি না। বিয়ের কার্ড থেকে শুরু করে আড্ডায় ইংরেজি শব্দ প্রয়োগ করি। এটা দূর করতে হবে।’
উৎসব আয়োজন প্রসঙ্গে আবুল খায়ের বলেন, ‘সংস্কৃতিচর্চা ও খেলাধুলা পারে তরুণ সমাজকে বিপথ থেকে ফিরিয়ে আনতে। তাই এ দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। আগামী ১০ বছরে সারা দেশে দুই হাজার সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করতে পারলে দেশ থেকে সব ধরনের নৈরাজ্য দূর করা সম্ভব।’ রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন মঞ্চে গাইছিলেন। এরপরেই ‘জলের গান’ দলের শিল্পীদের মঞ্চে ওঠার কথা।
আজকের পরিবেশনা
সৈয়দ মুজতবা আলী মঞ্চে বিকেল চারটায় মেঘমাল্লার চলচ্চিত্র প্রদর্শিত হবে। একই মঞ্চে সন্ধ্যা সোয়া সাতটায় মণিপুরী থিয়েটার কহে বীরাঙ্গনা মঞ্চনাটক মঞ্চায়ন করবে। হাসন রাজা মঞ্চে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিল্পীদের দলীয় যন্ত্রসংগীত পরিবেশনা থাকবে। এরপর যথাক্রমে থাকবে বাংলাদেশের ভজন খ্যাপার লোকসংগীত, ভারতের মনোময় ভট্টাচার্যের নজরুলসংগীত ও আধুনিক গান এবং বাংলাদেশের শিল্পী চন্দনা মজুমদার ও শতাব্দী রায়ের লোকসংগীত পরিবেশনা।