
আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা ২০১৫’। রাজধানীর সামরিক জাদুঘর মাঠে উৎসব ঘিরে নেওয়া সব প্রস্তুতি এখন শেষের দিকে। সন্ধ্যা সাতটায় শুরু হবে উৎসব। প্রতিদিন উৎসব চলবে রাত ১২টা পর্যন্ত।
প্রথম দিন থাকবে জ্যাজ কিংবদন্তি জন ম্যাকলাফলিনের পরিবেশনা। তাঁর সঙ্গে বাজাবে তাঁর দল ফোর্থ ডাইমেনশন। এ দিনের শিল্পী তালিকায় আরও আছেন ভারতের বসুন্ধরা বিদ্যালুর, বাংলাদেশের ইমরান আহমেদ কুইনটেট এবং যুক্তরাষ্ট্রের সাই মায়েস্ট্রো ট্রিও। দ্বিতীয় দিনে উৎসব মঞ্চে থাকবে বাংলাদেশের দ্য ব্লুজ ব্রাদার্স, রাজেফ খান, ফ্রান্সের ফ্লোরিয়ান, ভারতের লুই ব্যাঙ্কস এবং যুক্তরাষ্ট্রের কিংবেবির পরিবেশনা। শেষ দিন উৎসবের তারকা পারফরমার আইয়ুব বাচ্চু, সঙ্গে থাকবে তাঁর দল এবি ব্লুজ। তা ছাড়া সেদিন আরও জ্যাজ ও ব্লুজ সংগীত পরিবেশন করবে ব্রাজিলের দল এসড্রাস নোগুয়েরা কোয়ার্টেট, ভারতের সোলমেট এবং ফ্রান্সের জ্যাজ শিল্পী চায়না মোজেস।
উৎসবের প্রস্তুতি নিয়ে এর আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বলেন, ‘আজ বিকেল নাগাদ আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাব। এরই মধ্যে বেশ কয়েকটি দলের শব্দ প্রকৌশলী ঢাকায় এসে পৌঁছেছেন। তাঁরা আমাদের সেট-আপ দেখে সন্তুষ্ট। আশা করছি, শ্রোতারা খুব ভালো জ্যাজ ও ব্লুজ অভিজ্ঞতা পাবেন।’ এ পর্যন্ত পাওয়া দর্শক সাড়া কেমন—প্রশ্ন করলে তিনি বলেন, ‘খুব ভালো সাড়া পাচ্ছি। জ্যাজ ও ব্লুজ গানের ঘরানা এ দেশের শ্রোতাদের জন্য নতুন হলেও এরই মধ্যে উৎসবের প্রথম দিনের টিকিট শেষ হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় দিনের টিকিটের জন্যও অনেক চাহিদা।’ এ উৎসবের সাফল্য নিয়ে আশা প্রকাশ করে ফরহাদুল ইসলাম বলেন, ‘শুধু গান নয়, এর পাশাপাশি থাকছে বড় ও নামী ব্র্যান্ডের খাবারের স্টল। তা ছাড়া জ্যাজ ও ব্লুজ গানের কিংবদন্তিদের ছবি ও উক্তি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। সব মিলিয়ে আমরা আশা করছি, শ্রোতারা উপভোগ্য সময় কাটাবেন।’