উৎসবের রেশ থাকবে অনেক দিন


রুনা লায়লার কারণেই ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটির সঙ্গে বাংলাদেশের মানুষ কমবেশি পরিচিত। তাই বুঝি ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫’-এ তিন-তিনবার দর্শক শুনল সিন্ধি সুফি সাধক শাহবাজ কালান্দারের এই বিখ্যাত গান। সিন্ধুর মানুষ আবিদা পারভীন তো গাইলেনই, গাইল ভারতের পাপন ও মাঙ্গানিয়াররাও। তিনবারই সমানভাবে আলোড়িত হলেন ঢাকার দর্শক।
মাঝরাত পর্যন্ত খোলা আকাশের নিচে গান শোনা বাঙালির লোকজ অভ্যাস। ঢাকায় থাকা বাঙালির প্রতি ঈদে ‘বাড়ি’ যাওয়ার ঢল নামে, কেননা শহুরে হয়েও তাদের রক্তে গ্রামের টান। সে টানেই গত বৃহস্পতি থেকে শনিবার আর্মি স্টেডিয়ামে গিয়েছিল এত মানুষ। মেরিল নিবেদিত, মাছরাঙা টেলিভিশন এবং সান ইভেন্টস আয়োজিত উৎসবের দ্বিতীয় দিন মধ্যরাতে আয়োজকদের ঘোষণায় জানা গিয়েছিল, স্টেডিয়ামে তখন ষাট হাজার মানুষ! আয়োজকেরা বলেছেন, এখন থেকে প্রতিবছর হবে এই উৎসব।

উৎসবের প্রথম রাতে ফরিদা পারভীন শুরু করেন লালন সাঁইয়ের গান দিয়ে। এরপর চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়ের গান আনন্দ নিয়ে শুনেছেন দর্শক-শ্রোতা। অদ্ভুত বাঁশির সুরে সবার মনোযোগ কাড়েন ভারতের অর্ক মুখার্জি। গানে অর্ক অনেকটা সময় নিয়ে ফেলেন বলে বাংলাদেশের বাউল রব ফকির, শফি মণ্ডল এবং শিল্পী লাবিক কামালরা অল্প কয়েকটি গান শোনান। যদিও রব ও শফির আরও গান শুনতে চেয়েছিলেন দর্শক। তাঁদের পর শুদ্ধ লোকগান নিয়ে দর্শকদের মুগ্ধ করেন পাকিস্তানের সুফিশিল্পী সাঁই জহুর। রাতের গাম্ভীর্য ভাঙেন পাপন ও তাঁর দল ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
দ্বিতীয় রাতে নাশিদ কামাল, প্রবাদপ্রতিম শিল্পী আবদুল আলীমের তিন উত্তরাধিকার আজগর আলীম, জহির আলীম ও নুরজাহান আলীমের গান দর্শকদের নস্টালজিক করেছে। তবে এ রাতে বাঁশির সুরে দর্শকদের কাঁদিয়েছেন বারী সিদ্দিকী। বাংলাদেশের বিরল এই প্রতিভার কণ্ঠে ‘সুয়া চান পাখি’ গানটি ভালোবাসেন না—এমন সংগীতপ্রেমী পাওয়া যাবে না। রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক ঘরানার গান করেন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। জনপ্রিয় গানগুলো শুনে শ্রোতারা ব্যাপক উল্লাস ও হর্ষধ্বনি করেছেন। তবে অনেকে এগুলোকে লোকগান বলতে নারাজ। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মী হৃদিতা ইসলাম বলেন, ‘এইগুলা কি ফোক হইল নাকি?’ এ রাতে তরুণদের হৃদয় ছুঁয়েছেন ভারতের পবন দাস বাউল। তাঁর ‘দিল কি দয়া হয় না’র তালে তাল মেলাতে দেখা গেছে শ্রোতাদের। দর্শকেরা মমতাজের সঙ্গেও গেয়েছেন ‘মরার কোকিল’। সবেশেষে ছিল চীনের অপেরা দল ইউনান আর্ট ট্রুপের পরিবেশনা।

তৃতীয় রাতে দর্শকদের মাতিয়েছে জলের গান, আয়ারল্যান্ডের নিয়াভ নি কারা, ভারতের পার্বতী বাউল ও ইন্ডিয়ান ওশান। পাকিস্তানের শিল্পী আবিদা পারভীনের পরিবেশনায় সুফিগানের সঙ্গে ছিল খানিকটা শাস্ত্রীয় সংগীতের স্বাদও। মাঙ্গানিয়ার দলের কণ্ঠে ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’ গানটি উদ্বেলিত করে দর্শকদের। গানের সঙ্গে হাবিব খান লাঙ্গার মোর্চাং-এর সুর ও কালবেলিয়া শিল্পীদের ঐতিহ্যবাহী নাচ দিয়ে যথার্থ সমাপনী ঘটে উৎসবের।
সব মিলিয়ে প্রথমবারের আয়োজন শ্রোতাদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। মোহাম্মদপুরবাসী তরুণ আইনজীবী রাহাত মুস্তাফিজ বললেন, উৎসবের রেশ অনেক দিন পর্যন্ত মনে লেগে থাকবে। আয়োজনজনিত কিছু ত্রুটি থাকলেও দর্শকদের প্রত্যাশা, পরের আয়োজনে সেগুলো আর হবে না।
‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫’ উৎসবের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন কবির হোসেন ও আশরাফুল আলম